সরকারি দলের আনন্দ মিছিল, বাধার মুখে বিরোধীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ দলের কোয়ার্টার ফাইনালে ওঠার আনন্দে গতকাল জিপিওর সামনে আওয়ামী লীগের মিছিল l প্রথম আলো
বাংলাদেশ দলের কোয়ার্টার ফাইনালে ওঠার আনন্দে গতকাল জিপিওর সামনে আওয়ামী লীগের মিছিল l প্রথম আলো

বিশ্বকাপ ক্রিকেটে ইংল্যান্ডকে হারিয়ে বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে ওঠায় গতকাল মঙ্গলবার রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিজয় মিছিল করেছে আওয়ামী লীগ। তবে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট ঢাকাসহ বিভিন্ন স্থানে মিছিল বের করলে পুলিশি বাধায় তা পণ্ড হয়ে যায়। অবশ্য আন্দোলনরত জোট বিজয় মিছিলের কর্মসূচি দিলেও অধিকাংশ জেলা ও বিভাগে তা করেনি।
মিছিল কর্মসূচির জন্য গতকাল সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত হরতাল কর্মসূচি ১২ ঘণ্টা শিথিল করে ২০-দলীয় জোট। ক্ষমতাসীন আওয়ামী লীগও বিজয় মিছিলের কর্মসূচি দেয়।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান প্রথম আলোকে জানান, চতুর্দিকে হতাশার মধ্যে বিশ্বকাপে বাংলাদেশের অবিস্মরণীয় জয় একটি আনন্দদায়ক খবর। মানুষ এ জয়ে আনন্দ-উল্লাস করতে চায়। এর মধ্য দিয়ে জাতীয় ঐক্যের সৃষ্টি হয়েছে। কিন্তু বিরোধী দলের এ ধরনের কর্মসূচি বাধাপ্রাপ্ত হওয়াটা দুঃখজনক।
এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গত রাতে প্রথম আলোকে বলেন, ‘বিএনপিকে আমরা মিছিল করতে না করিনি, বাধাও দিইনি।’
বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের আয়োজনে বিশাল আনন্দ মিছিল বের হয়। দুপুর ১২টার দিকে নগর আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ মিছিল বের করে। মিছিলটি জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে পুরানা পল্টন মোড়, জিপিও হয়ে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে গিয়ে শেষ হয়। এ ছাড়া রাজধানীর বিভিন্ন এলাকায় সাংসদ ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকের নেতৃত্বে মিছিল হয়। তেজগাঁও এলাকায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নেতৃত্বে আনন্দ মিছিল করেন এলাকাবাসী। ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ সারা দেশে আনন্দ মিছিল করেছে। একইভাবে সারা দেশে বিজয় মিছিল করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলো।
বিএনপির মিছিল: রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে গতকাল দুপুর ১২টায় সংক্ষিপ্ত বিজয় মিছিল করে বিএনপি। মিছিলটি কদম ফোয়ারা ঘুরে আবার প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে জাতীয় পতাকা হাতে ‘বাংলাদেশের বিজয়ে খালেদা জিয়ার শুভেচ্ছা’, ‘তোমার দেশ আমার দেশ, বাংলাদেশ, বাংলাদেশ’ ইত্যাদি স্লোগান দেন নেতা-কর্মীরা।
বিজয় মিছিলে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাংবাদিক নেতা শওকত মাহমুদ, রুহুল আমিন গাজী প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় প্রেসক্লাবের সামনে আওয়ামী লীগ-সমর্থিত বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরাও ছিলেন।
ছাত্রদলের তিন নেতা-কর্মী আটক: বেলা একটার দিকে শাহবাগ থেকে মিছিল বের করে জাতীয়তাবাদী ছাত্রদল। মিছিলটি কাঁটাবনে গিয়ে শেষ হয়। ছাত্রদল জানিয়েছে, পুলিশ মিছিল থেকে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক হাসানুল বান্না, মুক্তিযোদ্ধা জিয়া হলের মোহসিন ভূইয়া, ঢাকা কলেজের সাফায়েত হোসেনকে আটক করেছে।
বেলা দুইটার দিকে ছাত্রদলের আরেকটি মিছিল শাহবাগ মোড় থেকে বের হয়ে বাংলামোটরের দিকে রওনা হয়। মিছিলটি শেরাটন মোড় অতিক্রম করলে পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ হয়ে যায়। এর আগে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ব্যানারে একটি মিছিল ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে বের হয়। এটিও পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ হয়ে যায়।

জাতীয় প্রেসক্লাবের সামনে গতকাল বিজয় মিছিল করেন বিএনপির সমর্থকেরা l ছবি: প্রথম আলো
জাতীয় প্রেসক্লাবের সামনে গতকাল বিজয় মিছিল করেন বিএনপির সমর্থকেরা l ছবি: প্রথম আলো

দুপুরে মোহাম্মদপুর কলেজ গেট এলাকা থেকে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহসাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ ও রতন বালার নেতৃত্বে বিজয় মিছিল হয়। একই সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ইন্দিরা রোড এলাকায় মিছিল হয়। এসব ছিল ‘ঝটিকা’ মিছিলের মতো।
রাজধানীর পোস্তগোলা আর্শ্বিন গেট থেকে আইজি গেট পর্যন্ত আনন্দ মিছিল বের করে শ্যামপুর থানা ২০-দলীয় জোট। বেলা একটায় রাজধানীর হাতিরপুলে জাতীয় পতাকাসহ আনন্দ মিছিল করে বিএনপি ও জামায়াতে ইসলামী। বেলা আড়াইটায় বিজয়নগর ও পুরানা পল্টনে, এর আগে সকালে ডেমরার বড়ভাঙ্গা ও শ্যামপুর বালুর মাঠ এলাকায় মিছিল করে জামায়াত।
রাজধানীর বাইরে সিলেট ও খুলনায় বড় মিছিল করেছে বিএনপি ও জামায়াত। চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল ও রংপুরে দল দুটির কোনো মিছিল হয়নি। এ ছাড়া নীলফামারী, নওগাঁ, কুড়িগ্রাম, ফরিদপুর, ভোলা, বগুড়া, মুন্সিগঞ্জ ও নরসিংদীতে বিজয় মিছিল করে বিএনপি। সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় মিছিল করেছে বিএনপি ও জামায়াত। তবে পিরোজপুরে ছাত্রদলের বিজয় মিছিলে এবং কুষ্টিয়ায় বিএনপির মিছিলে পুলিশ বাধা দিয়েছে।
এদিকে বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ দলের বিজয় উপলক্ষে জাতীয় পতাকা ও ব্যানার নিয়ে গতকাল বেলা সোয়া তিনটার দিকে বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের সামনে গেলে দলটির ক্রীড়াবিষয়ক সহসম্পাদক রায়হান আমিনকে পুলিশ আটক করে। রাত ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁকে পুলিশ ছাড়েনি।