সরকারি দলের লোক বলে ক্ষমা পাচ্ছে খুনিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ক্ষমতাসীন আওয়ামী লীগের লোক হওয়ায় চিহ্নিত খুনিরাও রাষ্ট্রপতির ক্ষমা পাচ্ছে’ বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, মহাজোটের পাঁচ বছরে ফাঁসির দণ্ডপ্রাপ্ত ২৬ আসামি রাষ্ট্রপতির ক্ষমা পেয়েছেন।

গতকাল শুক্রবার এক সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী এ অভিযোগ করেন। তিনি বলেন, বিএনপিসহ বিরোধী দলের লোকদের মিথ্যা মামলায় জড়িয়ে কারাগারে ঢোকানো হচ্ছে। দেশে আইনের দুরকম প্রয়োগ চলছে।

আওয়ামী লীগের নেতৃত্বাধীন বিগত মহাজোট সরকারের আমলে রাষ্ট্রপতির ক্ষমা পেয়েছেন মৃত্যুদণ্ড পাওয়া ২৬ জন, যাঁদের মধ্যে বহুল আলোচিত নুরুল ইসলাম হত্যা মামলায় সাজাপ্রাপ্ত আসামি এ এইচ এম বিপ্লবও রয়েছেন।

সংবাদ সম্মেলনে রাজশাহীর তানোর পৌরসভার মেয়র মিজানুর রহমানের গ্রেপ্তারের নিন্দা জানিয়ে তাঁর মুক্তি দাবি করেন রিজভী। ভিজিএফের চাল আত্মসাতের অভিযোগে তানোর উপজেলা যুবদলের সভাপতি মিজানকে বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তার করে পুলিশ।

দেশের জনগণ ‘অবৈধ সরকারের’ দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে দাবি করে বিএনপির এই নেতা বলেন, সে জন্য ক্ষমতা জোর করে টিকিয়ে রাখতে ভারতের সমর্থন পাওয়ার জন্য তাদের কাছে দেশকে ক্রমান্বয়ে চিরস্থায়ী বন্দোবস্ত করে দিতে একের পর এক পদক্ষেপ বাস্তবায়িত করা হচ্ছে। বাংলাদেশে দুঃশাসনের রথচক্র অব্যাহত গতিতে চালানোর জন্য একমাত্র ভারতের সঙ্গে প্যাকেজ প্রোগ্রামই হচ্ছে শেখ হাসিনা সরকারের টিকে থাকার নিশ্চয়তা।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন, খায়রুল কবীর, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার প্রমুখ।