সরকারি বিধিনিষেধ সরকারই মানে না: গয়েশ্বর
করোনাভাইরাস নিয়ন্ত্রণে দেওয়া বিধিনিষেধ সরকার নিজেই মানছে না বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আজ রোববার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে এক দোয়া মাহফিলে এ অভিযোগ করেন তিনি।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এবং করোনায় আক্রান্ত দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তাঁর স্ত্রীর রোগমুক্তি কামনায় এই দোয়ার আয়োজন করা হয়।
বিধিনিষেধের কারণে বিএনপি কোনো কর্মসূচি বন্ধ বা স্থগিত করেনি। দলটির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আসন্ন জন্মবার্ষিকী অতীতে যেভাবে পালিত হয়েছে, এবারও সেভাবে পালিত হবে বলে জানান গয়েশ্বর চন্দ্র রায়।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘আওয়ামী লীগ এখন আত্মরক্ষামূলক অবস্থানে আছে।
আত্মরক্ষায় বড়জোর সমান সমান হওয়া যায়, কিন্তু জয়লাভ করা যায় না। এখন আমরা অ্যাক্ট করব, আওয়ামী লীগ রিঅ্যাক্ট করবে। আমাদের আত্মরক্ষার সময় পার হয়ে গেছে।’ এ অবস্থায় দলীয় নেতা–কর্মীদের প্রস্তুত থাকার নির্দেশনা দেন তিনি।
খালেদা জিয়ার বিষয়ে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘আল্লাহর রহমত আছে বলেই খালেদা জিয়া বেঁচে আছেন। নইলে বেঁচে থাকার কথা নয়।’
এ সময় বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান বলেন, যতটা করোনা হয়েছে সরকার তার চেয়ে বেশি প্রচার চালাচ্ছে। কারণ সারা দেশে মানুষ আজ মাঠে নেমেছে। করোনার অজুহাতে সরকার আমাদের সমাবেশ বন্ধ করেছে, এটা সরকারের নীলনকশা।
বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম বলেন, এই সরকার ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য নতুন করে পুরাতন কৌশল নিয়েছে। সরকার মিথ্যা মামলা দিয়ে আবার আমাদের নেতা–কর্মীদের গ্রেপ্তার, হয়রানি শুরু করেছে।