সরকারি মদদে আরিফ ও গউছকে জড়িয়ে অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জ পৌরসভার মেয়র জি কে গউছকে অন্তর্ভুক্ত করে সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগের নেতা এস এ এম এস কিবরিয়া হত্যা মামলায় সম্পূরক অভিযোগ গঠন এবং তাঁদের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারির নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি।

দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জাফখরুল ইসলাম আলমগীর গতকাল সোমবার এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান। বিবৃতিতে তিনি বলেন,কিবরিয়া হত্যা মামলায় দীর্ঘ ১০ বছর পর সরকারি মদদে আরিফুল হক ও জি কে গউছকে জড়িয়ে সম্পূরক অভিযোগ গঠন করা হয়েছে। এটি বর্তমান অবৈধ সরকারের হিংসাত্মক রাজনীতির বহিঃপ্রকাশ। বিরোধীদলীয় জনপ্রতিনিধিদের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তাঁদের হেয় ও পর্যুদস্ত করতে এই হীন রাজনৈতিক অপকৌশল নিয়েছে। এ ধরনের ন্যক্কারজনক ঘটনা জনবিচ্ছিন্ন আওয়ামী অবৈধ সরকারের ক্ষমতাকে কুক্ষিগত রাখার অপকৌশল ছাড়া কিছু নয়।

বিবৃতিতে আরিফুল হক ও জি কে গউছের বিরুদ্ধে দায়ের করা সাজানো মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারের দাবি জানানো হয়।

৩০ হাজার কোটি টাকা লুট: মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, সরকার এখন পর্যন্ত ৩০ হাজার কোটি টাকা লুট করেছে। গত তিন মাসে ৯২ জন গুম, ১১২ জন অপহরণ ও ৩১০ জন খুন হয়েছেন। সারা দেশকে অস্বস্তিকর কারাগারে পরিণত করা হয়েছে।

মির্জা ফখরুল গতকাল বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।