সরকারি সুবিধা নিয়ে ভোট চাইছেন প্রধানমন্ত্রী: ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি সব সুবিধা ভোগ করে দলীয় প্রতীক নৌকার পক্ষে ভোট চাইছেন। এটা নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানাতে গিয়ে মির্জা ফখরুল সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। এর আগে তিনি নারায়ণগঞ্জ জেলা বিএনপির নতুন কমিটির নেতাদের নিয়ে জিয়ার কবরে শ্রদ্ধা জানান।

বিএনপির মহাসচিব বলেন, এখন পর্যন্ত দুটি জনসভায় আওয়ামী লীগের সভানেত্রী, যিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন, তিনি সরকারি সব সুবিধা ভোগ করে নৌকা মার্কায় ভোট চাইছেন। এটা নিঃসন্দেহে নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন।

মির্জা ফখরুল বলেন, এতে প্রতীয়মান হয়েছে যে বিরোধী দলকে কোণঠাসা করে, বিরোধী দলকে নির্বাচনে আসার সুযোগ না দিয়েই তারা একতরফাভাবে নির্বাচন করতে চায়, যেটা তারা ২০১৪ সালে করেছিল। এবার ২০১৪ সালের মতো একতরফা নির্বাচন করা সম্ভব হবে না। জনগণ কোনোমতেই তা মেনে নেবে না।

সরকার জঙ্গিবাদকে ব্যবহার করছে

চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গিবিরোধী অভিযানের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে বিএনপির মহাসচিব বলেন, বাংলাদেশে জঙ্গিবাদ প্রতিষ্ঠিত করতে একটি মহল কাজ করছে।

বিএনপির এই নেতা বলেন, এখন পর্যন্ত জঙ্গিবাদে সংশ্লিষ্টতার অভিযোগে যারা গ্রেপ্তার হয়েছে, তাদের খুব কমসংখ্যক অভিযুক্তকে বিচারের আওতায় আনা হয়েছে। বেশির ভাগ ক্ষেত্রেই দেখা যায় যে তাদের হত্যা করা হচ্ছে। এ জন্য বিষয়টি নিয়ে কিছুটা রহস্য থেকে যাচ্ছে। এ ছাড়া সরকারের দাবি ও আন্তর্জাতিক সংস্থাগুলোর দাবির মধ্যে অনেক ফারাক দেখা যায়। এমনকি সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনী যেমন র‍্যাব-পুলিশের বক্তব্যেও সামঞ্জস্য নেই, তাদের বক্তব্য সাংঘর্ষিক। তাই জঙ্গিবাদ নিয়ে সুষ্ঠু তদন্ত হচ্ছে কি না, জঙ্গিবাদ নির্মূলে সুষ্ঠু ব্যবস্থা নেওয়া হচ্ছে কি না, এসব নিয়ে সন্দেহ থেকে যাচ্ছে।

বিএনপির মহাসচিব বলেন, ‘জঙ্গিবাদ দমন করা হচ্ছে কি না, জঙ্গিবাদের বিরুদ্ধে সুষ্ঠু ব্যবস্থা নেওয়া হচ্ছে কি না, গোটা জাতির কাছে বিষয়টি রহস্যাবৃত্ত।’