ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে লাখো মানুষের ঢল নামবে, এই ভয়ে সরকার শনিবার বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অনুমতি দেয়নি। সরকারের আচরণে প্রমাণিত হয়েছে, তারা জনগণকে ভয় পায়। গতকাল রোববার বিকেলে দলীয় কার্যালয় নাসিমন ভবনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে এ দাবি করেন চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি শাহাদাত হোসেন।
ঢাকায় বিএনপিকে সমাবেশ করতে না দেওয়ার প্রতিবাদে চট্টগ্রাম নগর বিএনপি এই কর্মসূচির আয়োজন করে। সমাবেশে বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদের সাবেক ভিপি নাজিম উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলার বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক বেলায়েত হোসেন, শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক শেখ নুরুল্লাহ বাহার, যুবদলের কেন্দ্রীয় কমিটির সদস্য ইয়াছিন চৌধুরী প্রমুখ।
সমাবেশে শাহাদাত হোসেন বলেন, খালেদা জিয়া নিরপেক্ষ নির্বাচন কমিশন (ইসি) গঠনের লক্ষ্যে ১৩ দফা প্রস্তাব দিয়েছে। তাঁর প্রস্তাব অবিলম্বে মেনে নিয়ে নির্বাচনকালীন একটি নিরপেক্ষ সরকার গঠন করার উদ্যোগ নিতে হবে। তিনি বলেন, সরকার বিরোধীদলীয় জোটের জন্য মিছিল ও সমাবেশের ওপর অঘোষিত নিষেধাজ্ঞা জারি করেছে। সরকারের এই আচরণ কখনো গণতন্ত্রের জন্য শুভ নয়।