সরকারের একাংশেও জঙ্গিবাদ: পঙ্কজ ভট্টাচার্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য অভিযোগ করেছেন, জঙ্গিবাদ আজ সরকারের বাইরে একাংশ এবং প্রশাসন ও সরকারের একাংশে রয়েছে।

প্রগতিশীল ও গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব বর্ষীয়ান রাজনীতিক প্রয়াত অজয় রায়ের স্মরণসভায় বক্তৃতাকালে তিনি এ অভিযোগ করেন।
আজ বুধবার বিকেলে রাজধানীর শাহবাগে সম্মিলিত সামাজিক আন্দোলনের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনটির ঢাকা মহানগর শাখার উদ্যোগে এই সভাটি অনুষ্ঠিত হয়। স্মরণসভায় বক্তারা অজয় রায়ের রাজনৈতিক ও ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা করেন। তাঁরা অজয় রায়ের দেখিয়ে দেওয়া পথে কাজ করার আহ্বান জানান।
পঙ্কজ ভট্টাচার্য বলেন, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে তাঁরা আজ বুধবার সম্প্রীতি সমাবেশ করতে চেয়েছিলেন, কিন্তু উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসন তাতে অনুমতি দেয়নি। আর সাঁওতালদের বাড়িতে পুলিশ আগুন দিচ্ছে। তিনি আক্ষেপ করে বলেন, রাষ্ট্র কোথায় গিয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, আজ ভেতরে-বাইরে আক্রান্ত বাংলাদেশ।
অজয় রায়ের কর্মময় জীবনের প্রসঙ্গ তুলে অনুষ্ঠানে সাবেক বিচারপতি কাজী এবাদুল হক বলেন, তিনি শুধু সংগ্রামী ছিলেন না, ছিলেন মানবতাবাদী।
অজয় রায়ের সহধর্মিণী জয়ন্তী রায় অজয় রায়ের পারিবারিক ও ব্যক্তিগত জীবনের বিভিন্ন ঘটনা স্মরণ করেন। তিনি বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ না থাকলে মুক্তিযুদ্ধের চেতনা থাকবে না।
সভায় আরও বক্তব্য দেন, সম্মিলিত সামাজিক আন্দোলনের ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউদ্দিন তারিক আলী, জঙ্গিবাদবিরোধী মঞ্চের সদস্যসচিব নূর মোহাম্মদ তালুকদার, যুক্তরাষ্ট্রপ্রবাসী খোরশেদুল আলম প্রমুখ।