সরকারের এজেন্ট পার্টি অফিসে ভাঙচুর করেছে: ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি।

সরকারের মদদপুষ্ট কিছু এজেন্ট বিএনপির নয়াপল্টনের কার্যালয়ে ভাঙচুর করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ মঙ্গলবার রাজধানীর প্রেসক্লাবে ভাষাসৈনিক আবদুল মতিন স্মরণে নাগরিক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এ অভিযোগ করেন। এ স্মরণসভার আয়োজক ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি)।

সম্প্রতি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্রদলের পদবঞ্চিতদের হামলার ব্যাপারে মির্জা ফখরুল দাবি করেন, কয়েক দিন আগে সরকারের মদদপুষ্ট কিছু এজেন্ট পার্টি অফিসে ভাঙচুর করেছে। তারা ককটেল বিস্ফোরণ করেছে, বোমা মেরেছে। তখন কোনো পুলিশ সেখানে ছিল না। এমনকি দায়িত্বরত যে কয়েকজন পুলিশ থাকে, তারাও শুধু দূরে দাঁড়িয়ে দেখেছে।

আজ ছাত্রদলের নেতা-কর্মীদের গ্রেপ্তারে মির্জা ফখরুলের ভাষ্য, বিনা কারণে ছাত্রদলের নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হয়েছে। ছাত্রদলের ভেতরে ছোটখাটো যে সমস্যা ছিল, সেগুলো যখন মীমাংসা হচ্ছে, ঠিক তখনই সরকার তাঁদের গ্রেপ্তার করল। এতে বোঝা যায়, সরকার তার নীলনকশা বাস্তবায়নের জন্য কাজ করছে।