সরকারের কথামতো অভিযোগপত্র সাজিয়েছে পুলিশ: রিজভী
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ইতালীয় নাগরিক সিজার তাবেলা হত্যাকাণ্ড নিয়ে র্যাব ও পুলিশের বিতর্কে ফাঁস হয়ে গেছে যে এটা একটা ষড়যন্ত্র। তিনি অভিযোগ করেন, সরকার যেভাবে বলেছে, পুলিশ সেভাবে অভিযোগপত্র সাজিয়েছে।
জাতীয় প্রেসক্লাবে বৃহস্পতিবার দুপুরে এক আলোচনা সভায় রুহুল কবির রিজভী এ কথা বলেন। রিজভী বলেন, র্যাবের ডিজি বলেছেন, তাবেলা হত্যার সঙ্গে নব্য জেএমবি জড়িত। তারপর সংবাদ সম্মেলনে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান বলেছেন, এটার সঙ্গে বিএনপির কাইয়ুম ও তাঁর ভাইয়েরা জড়িত। তাঁদের এই বিতর্কে প্রমাণ হলো যে তাবেলা হত্যায় বিএনপির নেতা কাইয়ুম ও মতিনকে জড়িত করাটা একটা ষড়যন্ত্র। সরকার যেভাবে বলেছে, পুলিশ সেভাবে অভিযোগপত্র সাজিয়েছে।
ইয়ুথ ফোরাম আয়োজিত ‘রক্তাক্ত ২৮ অক্টোবর : আজকের প্রেক্ষাপট’ শীর্ষক এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাইদুর রহমান। আরও বক্তৃতা করেন জাতীয় পার্টির (কাজী জাফর) সভাপতিমণ্ডলীর সদস্য আহসান হাবিব, বিএনপির নেতা খালেদা ইয়াসমীন ও আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।