সরকারের কর্মকাণ্ডে জনগণ নয়, অসন্তোষ খালেদার

সরকারের কর্মকাণ্ডে জনগণ সন্তুষ্ট এবং দেশের সব স্বাভাবিক আছে বলে দাবি করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ‘সরকারের কর্মকাণ্ডে জনগণের মনে অসন্তোষ নেই। অসন্তোষ খালেদা জিয়ার মনে এবং তাঁর দোসর জামায়াত-শিবিরের মনে।’
আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ১৪ দলের মতবিনিময় হয়। ওই সভা শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ১৪ দলের মুখপাত্র নাসিম এসব কথা বলেন। ২০ ফেব্রুয়ারি শুক্রবার সন্ত্রাসের বিপক্ষে ও শান্তির পক্ষে সারা দেশে গণমিছিল করবে ১৪ দল।
মোহাম্মদ নাসিম বলেন, ‘জনগণের দাবি অনুযায়ী যুদ্ধাপরাধীদের বিচার করছি। সে বিচার বানচালের জন্য খালেদা জিয়ার নেতৃত্বে দেশে সহিংসতা হচ্ছে। জনগণের শক্তি নিয়েই এদের মোকাবিলা করা হবে।’ তিনি বলেন, ‘যাঁরা সংলাপের কথা বলেন তাঁরা সন্ত্রাসীদের রক্ষা করতে চান। ওদের (বিএনপি) সঙ্গে কখনোই সংলাপ হবে না। সংলাপের কথা বলে ওরা সন্ত্রাসীদের রক্ষা করতে চায়।’
নাসিম বলেন, ‘জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা দেশ পরিচালনা করছি। দেশের সব স্বাভাবিক। কোথাও হরতাল হচ্ছে না। আমি নিজেও আজকে জ্যামে আটকা পড়েছিলাম। আসলে খালেদার লক্ষ্য যুদ্ধাপরাধীদের রক্ষা করা। কিন্তু যুদ্ধাপরাধীদের বিচার চলছে, শেষ হবেই।’
মতবিনিময় সভায় আওয়ামী লীগ নেতা সাহারা খাতুন, নূহ-উল-আলম লেনিন, দীপু মনি, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, সাম্যবাদী দলের দিলীপ বড়ুয়া, গণতন্ত্রী পার্টির শাহাদাৎ হোসেন, কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক ওয়াজেদুল ইসলাম খান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, সম্মিলিত সাংস্কৃতিক জোটের নাসির উদ্দীন ইউসুফ, গোলাম কুদ্দুস, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি তারানা হালিম, ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী প্রমুখ।