সরকারের কারণেই জঙ্গিরা উৎসাহিত হচ্ছে: খালেদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, দেশে যেকোনো পৈশাচিক হত্যার পরপরই সরকার বিএনপিসহ বিরোধী দলের ওপর দায় চাপানোর চেষ্টা করেছে। এ কারণে কাণ্ডজ্ঞানহীন জঙ্গিগোষ্ঠী উৎসাহিত হয়ে প্রাণবিনাশী কর্মকাণ্ড পুরোদমে চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, সরকারের বক্তব্যের ধরন দেখে মনে হয়, তাদের উদ্দেশ্য হচ্ছে প্রকৃত দুষ্কৃতকারীদের আস্তানা ধ্বংস না করে, তাদের গ্রেপ্তার না করে বরং এই হত্যাকাণ্ডগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা।
গতকাল সোমবার এক বিবৃতিতে খালেদা জিয়া এসব কথা বলেন। তিনি গত শুক্রবার রাতে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ির একটি বৌদ্ধবিহারে ধাম্মা ওয়াসা মং শৈ উ চাক নামের একজন ভিক্ষুকে কুপিয়ে হত্যার নিন্দা ও প্রতিবাদ এবং হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে এ বিবৃতি দেন।
বিএনপির চেয়ারপারসন বলেন, ‘এ দেশ কেন জঙ্গিদের অভয়ারণ্যে পরিণত হলো? আওয়ামী লীগের শাসনামলেই কেন বেআইনি, সভ্যতা ও প্রগতিবিরোধী অশুভ জঙ্গিগোষ্ঠীর বিচরণ এত তীব্র হলো? কেন বিভিন্ন সম্প্রদায়ের ও ধর্মগুরুদের জীবন যাচ্ছে? আর কত দিন সাধারণ জনগণকে ভয়ার্ত পরিবেশের মধ্যে জীবনযাপন করতে হবে? এসব প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা সরকার হারিয়ে ফেলেছে। কারণ, গণবিরোধী, ভোটারবিহীন সরকার আসল কাজের পরিবর্তে রাজনৈতিক ফায়দা তুলতেই বেশি ব্যস্ত।’ তিনি দাবি করেন, মানবসভ্যতা-বিনাশী মতাদর্শে বিশ্বাসী জঙ্গিদের উৎপাত শুরু হয় আওয়ামী লীগের আমল থেকে। বিএনপি ক্ষমতায় থাকাকালে এদের গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিত করেছে।
সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, ক্ষমতাসীন গোষ্ঠী মনে হয় অশুভ পশুশক্তির কাছে নিঃস্বার্থ আত্মনিবেদন করেছে। বিদেশি হত্যা থেকে শুরু করে শিয়া, খ্রিষ্টান, বৌদ্ধ, হিন্দু সম্প্রদায় ও তাদের ধর্মগুরুদের ওপর নৃশংস আক্রমণ ও সিরিজ হত্যা সরকারের ভ্রুক্ষেপহীনতার কারণেই ক্রমাগতভাবে চলমান থাকছে। তিনি বলেন, ‘আমাদের ভূখণ্ডের ইতিহাস, ঐতিহ্য, সমাজ ও সংস্কৃতির পরম্পরায় সম্প্রীতি ও পরস্পরের প্রতি শুভেচ্ছাবোধ এক অনবদ্য জাজ্বল্যমান উপাদান। সেখানে সাম্প্রদায়িক বিভেদ ও সংঘাতের কোনো অধ্যায় নেই। এটি একটি অতি সাম্প্রতিক প্রপঞ্চ।’