সরকারের ক্ষমতায় থাকার অধিকার নেই: এরশাদ
সরকার জনগণের জানমালের নিরাপত্তা দিতে পারছে না। তাই তাদের ক্ষমতায় থাকার অধিকার নেই বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
গতকাল শনিবার দুপুরে জাপার বনানী কার্যালয়ে দলের শরীয়তপুর জেলার নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এরশাদ এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত এরশাদ এও বলেন, ‘প্রয়োজন হলে রাস্তায় নামব। তবুও সরকারের ব্যর্থতা তুলে ধরব। এ সরকার জনগণের জানমালের নিরাপত্তা দিতে পারেনি। তাই, তাদের ক্ষমতায় থাকার অধিকার নেই। খুন ও গুমের কারণে বাংলাদেশ এখন কলঙ্কিত দেশ হিসেবে পরিচিতি পেয়েছে। কে কখন গুম হয়ে যায়, তার গ্যারান্টি নেই। নদীতে লাশ ভেসে ওঠে। আমার সময়ে এমন ছিল না।’ তিনি বলেন, যারা ব্যাংক লুটের পর বলেন চার হাজার কোটি টাকা কিছুই না, তাদের ক্ষমতায় থাকার অধিকার নেই।
এরশাদ বলেন, তাঁদের আন্দোলন হবে অহিংস। বিএনপি ও জামায়াতের সহিংস আন্দোলনের সমালোচনা করে তিনি বলেন, ‘এর আগে যারা আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে মেরেছে, তাদের জন্য আল্লাহর আরশ কেঁপে উঠেছে। তাই, দলটি ক্ষমতায় যেতে পারেনি।’
দেশে নদীদূষণ ও দখল নিয়ে এরশাদ দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, ‘আওয়ামী লীগ-বিএনপি দেশকে কিছুই দিতে পারেনি। তারা দিয়েছে দলীয়করণ, টেন্ডারবাজি ও দখলবাজি। আজকে নদী দখল হয়ে যাচ্ছে। কয় দিন পরে হয়তো নদী নিয়ে আর কবিতা লিখতে পারব না।’ তাঁকে দায়িত্ব দেওয়া হলে তিনি রাতারাতি নদীদূষণ ও দখল বন্ধ করে দিতে পারতেন বলেও দাবি করেন এরশাদ।
শরীয়তপুর জেলা জাতীয় পার্টির সভাপতি মাসুদুর রহমান মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন। বক্তব্য দেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, কেন্দ্রীয় নেতা মীর আবদুস সবুর, সুনীল শুভ রায় প্রমুখ।