সরকারের চাপে কৌশলী হতে চায় বিএনপি
বিএনপি মনে করছে, সরকার তাদের চাপে ও অস্বস্তিতে রেখে সিটি নির্বাচন করতে চায়। তারই অংশ হিসেবে প্রার্থিতা নিয়ে জটিলতার পর এখন নেতা-কর্মীদের জামিন নিয়েও দীর্ঘসূত্রতার কৌশল নেওয়া হয়েছে। এ অবস্থায় ঢাকায় নেতা-কর্মীদের মাঠে নামাতে বিএনপিও পাল্টা কৌশল নিয়ে এগোচ্ছে।
দলটির দায়িত্বশীল সূত্রগুলো জানায়, বিএনপির শীর্ষ নেতৃত্ব চান, ঢাকা দক্ষিণের প্রার্থী মির্জা আব্বাস জামিন না পেলেও প্রচারণায় নামুক। এ ক্ষেত্রে তাঁকে গ্রেপ্তারের ঝুঁকি নিতেও তাঁরা প্রস্তুত। তবে এ জন্য হাইকোর্টে জামিনের বিষয়টি নিষ্পত্তির জন্য অন্তত আগামী রোববার পর্যন্ত অপেক্ষা করবে দলটি। মির্জা আব্বাস জামিন পেলে বা প্রচারণায় নেমে গ্রেপ্তার না হলে বিএনপি ধরে নেবে যে পরিস্থিতির উন্নতি হচ্ছে। সে ক্ষেত্রে উত্তরে আবদুল আউয়াল মিন্টুও তাঁর ছেলে তাবিথ আউয়ালের পক্ষে প্রচারণায় নামবেন। জামিন না পেলেও গ্রেপ্তারের ঝুঁকি নিয়ে প্রচারে নামতে পারেন মির্জা আব্বাস।
আব্বাস শেষ পর্যন্ত জামিন না পেলে ঢাকা দক্ষিণে প্রার্থী নিয়ে বিকল্প চিন্তা আছে কি না, জানতে চাইলে গত রাতে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে আদর্শ ঢাকা আন্দোলনের সদস্যসচিব শওকত মাহমুদ সাংবাদিকদের বলেন, এ বিষয়ে প্রার্থীর (আব্বাস) সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে গত মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে নববর্ষের অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দল-সমর্থিত তিন মেয়র প্রার্থীর জন্য ভোট চেয়েছেন। তিনি জনগণকে ভোট দিয়ে সরকারের বিরুদ্ধে ‘নীরব বিপ্লব’ ঘটানোর আহ্বানও জানিয়েছেন।
খালেদা জিয়া বলেন, ‘এ সরকার নির্বাচিত নয়, তারা আইন লঙ্ঘন করে সব করছে। আর আমাদের পদে পদে বাধা দিচ্ছে। ভোট দিয়ে জনগণ নীরব বিপ্লব ঘটাবেন। জালেম সরকারকে দেখিয়ে দেবেন, জনগণ কী করতে পারে।’
মির্জা আব্বাসের পক্ষে ভোট চেয়ে খালেদা জিয়া বলেন, ‘আব্বাস আগেও মেয়র ছিলেন। আবার ভোট দিয়ে তাঁকে সুযোগ দেবেন।’ তাবিথের জন্য ভোট চেয়ে তিনি বলেন, ‘তাবিথ বিদেশে পড়ালেখা করে এসেছেন। শিক্ষিত, ভালো ছেলে। তিনি নতুন নতুন “আইডিয়া” দিয়ে ঢাকাকে সুন্দর, বাসোপযোগী করে গড়ে তুলবেন।’ চট্টগ্রামে মনজুর আলমের ‘কমলালেবু’ মার্কায়ও ভোট চান খালেদা জিয়া।
বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এ অনুষ্ঠানের আয়োজন করে। রাস্তার ওপর একটি চেয়ারে বসেন খালেদা জিয়া। এ সময় তাঁর সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, আদর্শ ঢাকা আন্দোলনের আহ্বায়ক এমাজউদ্দীন আহমদ, মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস, তাবিথ আউয়াল প্রমুখ।
বিএনপির সূত্রগুলো জানায়, দলের নির্বাচন কৌশল কী হবে, তা নির্ভর করছে মির্জা আব্বাসের জামিন অথবা গ্রেপ্তারের ওপর। তাঁর জামিন নিষ্পত্তির অপেক্ষায় এ পর্যন্ত দুই দফায় দল-সমর্থিত প্রার্থীদের পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ অনুষ্ঠান পেছানো হয়। শেষ পর্যন্ত আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় ঢাকা উত্তরের প্রার্থী তাবিথ আউয়ালের নির্বাচনী ইশতেহার ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে আদর্শ ঢাকা আন্দোলন।
বিএনপির আইনজীবী নেতা ও দলের উচ্চপর্যায়ের একাধিক নেতা জানান মির্জা আব্বাস ও আবদুল আউয়াল মিন্টুকে সরকার মাঠে নামার সুযোগ দিতে চায় না। তাঁরা মাঠে নামলে মাঠের পরিস্থিতি পাল্টে যেতে পারে, এ আশঙ্কায় সরকার তাঁদের চাপে রাখতে নানা কৌশল নিয়েছে। এ অবস্থায় গ্রেপ্তার আতঙ্কে দল-সমর্থিত প্রার্থী ও নেতা-কর্মীরা ঠিকভাবে প্রচারে নামার সাহস পাচ্ছেন না।
অবশ্য বিএনপির নেতাদের কেউ কেউ বলছেন, নববর্ষের অনুষ্ঠানে খালেদা জিয়ার উপস্থিতি দলে কিছুটা আস্থা ও স্বস্তি দিয়েছে। এতে আত্মগোপনে থাকা নেতা-কর্মীদের ভয় কিছুটা কেটেছে। পাশাপাশি দল-সমর্থিত প্রার্থীদের জন্য খালেদা জিয়ার ভোট প্রার্থনা নগরবাসীদের ওপর প্রভাব ফেলেছে। দলের নেতারা জানান, এর ফলে গতকাল ঢাকায় দুই মেয়র পদপ্রার্থীর প্রচারে নেতা-কর্মী ও সমর্থকদের অংশগ্রহণ বেড়েছে।
এ বিষয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার প্রথম আলোকে জানান, বিএনপির চেয়ারপারসনের নয়াপল্টনে যাওয়াটা সিটি নির্বাচনের জন্য সহায়ক হবে। এতে নেতা-কর্মীরা উজ্জীবিত হয়েছেন।
খালেদার সঙ্গে মাহীর সাক্ষাৎ: ঢাকা উত্তরের মেয়র পদপ্রার্থী মাহী বি চৌধুরী গত মঙ্গলবার রাতে খালেদা জিয়ার সঙ্গে তাঁর গুলশানের বাসায় সাক্ষাৎ করেছেন। এ নিয়ে বিএনপির ভেতরে-বাইরে নানা গুঞ্জন চলছে। দলের নেতাদের কেউ কেউ বলছেন, তাবিথের সমর্থনে প্রার্থিতা প্রত্যাহার করা নিয়ে মাহীর সঙ্গে এ সাক্ষাতের আয়োজন করা হয়।
অবশ্য মাহীর নির্বাচনী প্রচার শাখা থেকে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, তিনি খালেদা জিয়াকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন এবং ‘ঈগল’ প্রতীকে ভোট চেয়েছেন। প্রায় ৪০ মিনিট খালেদা জিয়ার বাসায় ছিলেন মাহী।