সরকারের দায়িত্বহীন উক্তি তদন্তে বাধা সৃষ্টি করবে: বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিদেশি নাগরিক হত্যার ঘটনা নিয়ে সরকারের উচ্চপর্যায়ের নেতাদের দায়িত্বহীন উক্তি তদন্তে বাধা সৃষ্টি করবে। এতে প্রকৃত আততায়ীকে চিহ্নিত করতেও বাধার সম্মুখীন হতে হবে।
গতকাল রোববার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এ কথা বলেন। এর আগে সকালে গণভবনে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, বিদেশি হত্যায় বিএনপি-জামায়াতের হাত আছে।
বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, ‘দুজন বিদেশি নাগরিককে হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছি। এ ধরনের হত্যাকাণ্ড প্রমাণ করে যে বর্তমানে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত নাজুক। সরকারের উচ্চপর্যায়ের নেতৃবৃন্দের দায়িত্বহীন উক্তি কেবলমাত্র তদন্তেই ব্যাঘাত সৃষ্টি করবে না, বরং প্রকৃত আততায়ীকে চিহ্নিত করতেও বাধার সম্মুখীন হতে হবে।’ সুষ্ঠু তদন্তের মাধ্যমে দুজন বিদেশি নাগরিককে হত্যাকারী আততায়ীদের গ্রেপ্তার করে শাস্তি দেওয়ার দাবি জানান মির্জা ফখরুল।
এর আগে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপন প্রধানমন্ত্রীর বক্তব্যকে অনভিপ্রেত ও দুঃখজনক বলে অভিহিত করেন। সন্ধ্যায় দ্বিতীয় দফা সংবাদ সম্মেলন করে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের নিন্দা জানান তিনি।
আসাদুজ্জামান রিপন বলেন, ‘বিষয়টি যখন তদন্তের পর্যায়ে থাকে, তখন এ ধরনের মন্তব্য অত্যন্ত অনভিপ্রেত। শাসক দলের প্রধানের কাছ থেকে আমরা অবশ্যই দায়িত্বশীল মন্তব্য আশা করি। তিনি যখন বিএনপির নাম উল্লেখ করে অথবা অন্য বিরোধী দলের নাম উল্লেখ করে বলেন যে, এদের সংশ্লিষ্টতা আছে, তখন তাঁর এ মন্তব্য অত্যন্ত দুঃখজনক। এ মন্তব্য অনভিপ্রেত বলে আমরা মনে করি।’
সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসাদুজ্জামান রিপন বলেন, সরকারপ্রধান সংবাদ সম্মেলনে প্রশ্নোত্তরে নানা প্রসঙ্গে উত্তর দিতে গিয়ে বিএনপির চেয়ারপারসনকে জড়িয়ে যে মন্তব্য করেছেন, তা খুবই অরুচিকর। সরকারপ্রধান দেশের অন্যতম একটি বৃহৎ রাজনৈতিক দলেরও প্রধান। তাঁর কাছ থেকে নতুন প্রজন্ম-তরুণ-যুব সম্প্রদায় থেকে শুরু করে দেশের আপামর মানুষ রুচিবোধসম্পন্ন দায়িত্বশীল বক্তব্য প্রত্যাশা করেন।
দুপুরের সংবাদ সম্মেলনে বিএনপির মুখপাত্র বলেন, রংপুর মহানগর বিএনপির দুই নেতাকে সাদা পোশাকের র্যা ব সদস্যরা গত শনিবার গ্রেপ্তার করেছেন। র্যা ব সাদা পোশাকে কাউকে গ্রেপ্তার করতে পারে কি না, তা তাঁদের জানা নেই। তবে সাদা পোশাকে গ্রেপ্তার আশঙ্কার বিষয়।