সরকারের দুর্নীতি, গুম-খুনের দায়িত্ব নেবে না জাপা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সরকারের দুর্নীতি, দুঃশাসন ও গুম-খুনের’ দায়িত্ব নেবে না জাতীয় পার্টি (জাপা)। দলটির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু গতকাল শনিবার সকালে জাপার বনানীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
জিয়াউদ্দিন বাবলু বলেন, ‘জাতীয় পার্টি সরকারের পার্টনার নয়। কৌশলগত কারণে আমরা সরকারে আছি।’ কৌশলটি কী—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘৫ জানুয়ারির নির্বাচনের আগে সারা দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চলছিল। মানুষ তখন শান্তি, স্বস্তি ও নিরাপত্তা চাচ্ছিল। জাতিকে তখন ঐক্যবদ্ধ করার জন্য আমরা সরকারে যোগ দিয়েছিলাম।’
মন্ত্রিসভায় জাপার তিনজন সদস্য আছেন, তার পরও জাতীয় পার্টি সরকারের অংশীদার নয়? সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে জিয়াউদ্দিন বাবলু বলেন, ‘৫০ জনের মন্ত্রিসভায় তিনজনের থাকা না-থাকায়, এর সঙ্গে সরকারের নীতির কোনো তফাত নেই। আমরা আছি অন্য প্রেক্ষাপটে, কৌশলগত কারণে।’