সরকারের পক্ষে শতভাগ সফল কাজ অসম্ভব: হাছান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, পরীক্ষায় যেমন শতভাগ নম্বর পাওয়া যায় না, তেমনি সরকারের পক্ষে শতভাগ সফল ভাবে কাজ করা সম্ভব নয়। সমালোচনা করা ভালো কারণ অতিরিক্ত সমালোচনা উন্নয়নকে শাণিত করে। কিন্তু অতিরিক্ত সমালোচনা, অন্ধভাবে সমালোচনা করা কখনোই ভালো কিছু বয়ে আনতে পারে না।

আজ শনিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত এক আলোচনা সভায় হাছান মাহমুদ এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, সমালোচনার রাজনৈতিক সংস্কৃতিতে আমাদের পরিবর্তন আনা দরকার, সঙ্গে সঙ্গে ভালো কাজের প্রশংসা করা দরকার। বিশ্বের অন্য দেশে সরকার ভালো কাজ করলে বিরোধী দলও প্রশংসা করে কিন্তু আমাদের দেশে হয় না, আমাদের এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে।

সংবিধান অনুযায়ী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই পরবর্তী জাতীয় নির্বাচন হবে বলে জানিয়েছে হাছান মাহমুদ বলেন, সবার অংশগ্রহণে নির্বাচন হোক সেটা আমরাও চাই। তাই বিএনপিকে বলব—অতীতের মতো ভুল না করে সংবিধান অনুযায়ী এ সরকারের মেয়াদের শেষদিকে অনুষ্ঠিতব্য নির্বাচনে অংশ নিন। এ নিয়ে কোনো আলোচনার প্রয়োজন নেই।

বঙ্গবন্ধু একাডেমির সভাপতি চিত্তরঞ্জন দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক জাকির আহমাদ, আসাদুজ্জামান দুর্জয় প্রমুখ।