সরকারের পাশের লোক ছাড়া কেউ লুটপাট করতে পারে না: কাজী ফিরোজ
সরকারের পাশের লোক ছাড়া ব্যাংকিং খাতের লুটপাট কেউ করতে পারে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) সাংসদ কাজী ফিরোজ রশীদ।
আজ মঙ্গলবার জাতীয় সংসদের অনির্ধারিত আলোচনায় পয়েন্ট অব অর্ডারে ফ্লোর নিয়ে প্রথম আলোতে প্রকাশিত একটি প্রতিবেদনের সূত্র ধরে কাজী ফিরোজ এ কথা বলেন। তিনি বলেন, দেশের অর্থনীতিতে ‘অশনিসংকেত’ চলছে।
ফিরোজ রশীদ বলেন, ‘আজকে ভয়াবহ অবস্থা। বেসিক ব্যাংক, কৃষি ব্যাংক, রাজশাহী উন্নয়ন ব্যাংক, সোনালি ব্যাংক, রূপালী ব্যাংক...ঘাটতি মূলধনের তালিকায় রয়েছে। ব্যাংকগুলোতে মূলধন নেই।’
কাজী ফিরোজ আরও বলেন, আর্থিক ভিত্তি দুর্বল হয়ে যাচ্ছে। ব্যাংকগুলো দেউলিয়া হয়ে যাচ্ছে। এর আগে বাংলাদেশ ব্যাংকের ৮০০ কোটি টাকা পাচার হয়েছে। এসব ঘটনার তদন্ত হয়। কিন্তু কোনো ফল হয় না। একটা ঘটনার পর আরেক ঘটনায় আগেরটা ধামাচাপা পড়ে যায়।
জাপার এই প্রেসিডিয়াম সদস্য বলেন, ‘এই ধামাচাপা পড়তে পড়তে ব্যাংকগুলো ধামাচাপা পড়ে গেছে। মানুষ এখন আর ব্যাংকগুলোকে বিশ্বাস করে না।’
কাজী ফিরোজ বলেন, ভিওআইপি ব্যবসার নামে লুটপাট চলছে। এগুলো ভালো লক্ষণ নয়। করের টাকা অবাধ লুটপাট হয়ে যাচ্ছে।