বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট গতকাল বুধবার এক বিবৃতিতে বলেছে, সালাহ উদ্দিন আহমদের নিখোঁজ হওয়া নিয়ে সরকারের কাণ্ডজ্ঞানহীন রকিসকতা এবং বিকৃত মানসিকতায় দেশবাসী ক্ষুব্ধ হয়ে উঠছে।
বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লা জোটের পক্ষে এই বিবৃতি দেন। বিবৃতিতে তিনি বলেন, ইলিয়াস আলী পালিয়ে গেছেন কিংবা সালাহ উদ্দিন আহমদ নিজেই আত্মগোপন করেছেন, এমন কাল্পনিক গল্প বলার পাশাপাশি সরকারের সর্বোচ্চ পর্যায়ে থেকে এসব ঘটনা নিয়ে কাণ্ডজ্ঞানহীন নিষ্ঠুর রসিকতা করা হচ্ছে। এতে দায়িত্ব পালনে সরকারের অমার্জনীয় ব্যর্থতার পাশাপাশি বিকৃত মানসিকতার প্রমাণ পেয়ে দেশবাসী ক্ষুব্ধ হয়ে উঠছে।
বিবৃতিতে আরও বলা হয়, বিএনপির নেতা ইলিয়াস আলী, চৌধুরী আলম, লাকসামের সাইফুল ইসলামের মতো শত শত বিরোধীদলীয় নেতা-কর্মীকে গুম করার পর সাবেক প্রতিমন্ত্রী সালাহ উদ্দিন আহমদকে সরকারি বাহিনী বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে এখন অস্বীকার করছে।
বিবৃতিতে বলা হয়, ২০১৪ সালের ৫ জানুয়ারি বর্তমান ক্ষমতাসীন সরকার গণতন্ত্রের কবর রচনা করেছিল। এখন তারা সেই কবরের ওপর দাঁড়িয়ে গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহ এবং বিরোধী দলমতের জনগণকে কবরে পাঠাচ্ছে। এভাবে খুন-গুম এবং মিথ্যা মামলায় গ্রেপ্তার করে সরকার চলমান আন্দোলনকে স্তব্ধ করতে পারবে না। নির্মম-নিপীড়ন আন্দোলনকে সাময়িকভাবে স্তিমিত করতে পারলেও প্রকৃতপক্ষে তা বৃহত্তর আন্দোলনকে অনিবার্য করবে।