সরকারের বিভিন্ন এজেন্সি পুরো ঘটনাকে অস্পষ্ট করে তুলেছে: ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রকৃত হত্যাকারীদের এড়িয়ে যাওয়ার লক্ষ্যেই ইতালীয় নাগরিক তাবেলা সিজার হত্যার ঘটনায় বিএনপির নেতা এম এ কাইয়ুম ও তাঁর ভাইকে জড়িত করা হয়েছে। গতকাল বুধবার এক বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম এ কথা বলেন। তিনি তাবেলা হত্যা মামলায় তড়িঘড়ি বিচার সম্পন্ন করতে অভিযোগ গঠনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন।

মির্জা ফখরুল বলেন, তাবেলা সিজার হত্যার ঘটনা অত্যন্ত স্পর্শকাতর বিষয়। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত না করে শুধু রাজনৈতিক উদ্দেশ্যে কাইয়ুমের মতো জনপ্রিয় নেতাকে এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত করা হয়েছে। এ ঘটনা সম্পর্কে র‌্যাবের মহাপরিচালক নব্য জেএমবির সম্পৃক্ততার কথা বলেছেন। সরকারের বিভিন্ন এজেন্সি এ বিষয়ে স্ববিরোধী বক্তব্য প্রদান করছে, যা পুরো ঘটনাকেই অস্পষ্ট করে তুলেছে।

বিবৃতিতে কাইয়ুম ও তাঁর ভাই এম এ মতিনকে অভিযোগ থেকে মুক্তি দিয়ে প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানান বিএনপির মহাসচিব।

আ.লীগের কাউন্সিল জাতিকে কিছু দিতে পারেনি: ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ‘সুন্দরবন বাঁচাও, রামপাল কয়লাবিদ্যুৎকেন্দ্র ঠেকাও’ শীর্ষক এক সেমিনারে গতকাল মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের কাউন্সিল জাতিকে কিছু দিতে পারেনি। গোটা জাতি অপেক্ষায় ছিল নির্বাচনকেন্দ্রিক সংকট সমাধানে একটা রাজনৈতিক পথনির্দেশ দেখতে পাওয়ার।

আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘আপনারা কাউন্সিল করেছেন, খুব ভালো কথা। কিন্তু এ কাউন্সিল থেকে আপনারা কিছু দিতে পারেননি জাতিকে। গোটা জাতি অপেক্ষা করছিল, এ কাউন্সিল থেকে আপনারা একটি রাজনৈতিক পথনির্দেশ দেখাবেন।’

মির্জা ফখরুল রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে সরকারের সমালোচনা করেন।

জিয়া সাইবার ফোর্স নামের একটি সংগঠন এ অনুষ্ঠানের আয়োজন করে।