সরকারের ব্যর্থতা ঢাকতেই খালেদা জিয়া সম্পর্কে অপপ্রচার হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্যাদুর্গত এলাকার মানুষ কষ্টে জীবনযাপন করছে। দুর্গত অঞ্চলে কোনো ত্রাণ নেই। দেশে ১৮ লাখ মানুষ চিকুনগুনিয়ায় আক্রান্ত, কিন্তু কোনো চিকিত্সা নেই। অথচ মশা মারার নামে লাখ লাখ টাকা লোপাট হচ্ছে। সরকারের ওই ব্যর্থতা ঢাকার জন্যই বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যে নানা ধরনের বিভ্রান্তিমূলক অপপ্রচার ছড়ানো হচ্ছে।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গতকাল বুধবার দুপুরে কুমিল্লা নগরের ধর্মসাগরপাড় এলাকায় অবস্থিত কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিন উর রশিদের ব্যক্তিগত কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

সংবাদ সম্মেলেন বিএনপির নেতা রুহুল কবির আরও বলেন, খালেদা জিয়া চিকিত্সার জন্য বিদেশে গেছেন। খালেদা জিয়া দেশ ছাড়েননি, অতীতে বর্তমান প্রধানমন্ত্রীই দেশ ছেড়েছেন।

চৌদ্দগ্রামে বাস পোড়ানোর একটি মামলায় হাজিরা দিতে গতকাল কুমিল্লায় আসেন রুহুল কবির। হাজিরা শেষে ঢাকায় ফেরার পথে তিনি ওই সংবাদ সম্মেলন করেন।

রুহুল কবির বলেন, বর্তমান নির্বাচন কমিশন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুরেই কথা বলছে। সরকারের অ্যাজেন্ডা বাস্তবায়নের জন্য সিইসি কাজ করছেন। তিনি রকিব-মার্কা নির্বাচনের মতোই একটি পাতানো নির্বাচন করতে চাচ্ছেন। বিএনপি কোনো অবস্থাতেই সেটি হতে দেবে না। এই সিইসির অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করা কঠিন হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কেন্দ্রীয় বিএনপির সদস্য সৈয়দ জাহাঙ্গীর, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সাবেক সভাপতি আমিরুজ্জামান ও আদর্শ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. রেজাউল কাইয়ুম।