সরকারের ব্যর্থতায় রুটিরুজি বন্ধের পথে: জিয়াউদ্দিন বাবলু
জাতীয় পার্টির (জাপা) মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেছেন, সরকারের উদাসীনতা, একগুঁয়েমি ও ব্যর্থতার কারণে জনগণের রুটিরুজি আজ বন্ধের পথে।
জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এইচ এম এরশাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছাসেবক পার্টি আয়োজিত দোয়া মাহফিলপূর্ব ভার্চ্যুয়াল আলোচনায় তিনি এ কথা বলেন।
জিয়াউদ্দিন বাবলু বলেন, ‘সরকার বলছে, তারা করোনার চেয়েও শক্তিশালী। ইউরোপ, আমেরিকা, এমনকি ভারতেও লকডাউন প্রত্যাহার করে জনজীবন প্রায় স্বাভাবিক, জীবিকা চলমান। অথচ আমাদের জীবন আজ শঙ্কার মুখে। এটা সরকারের দূরদর্শিতার অভাব। আমরা কঠিন সময়ের মধ্যে দিনাতিপাত করছি। সরকারের ব্যর্থতার জন্য জীবন-জীবিকা আজ স্তব্ধ হয়ে পড়েছে।’
জাতীয় পার্টির মহাসচিব বলেন, নিম্ন আয় থেকে শুরু করে মধ্যম আয়ের মানুষের জীবিকা আজ বন্ধ হয়ে গেছে। সরকারের অপরিকল্পিত নীতির কারণে পুরো জাতিকে খেসারত দিতে হচ্ছে। ১৮ কোটি মানুষের মধ্যে মাত্র তিন ভাগ মানুষকে টিকার আওতায় আনতে পেরেছে। তা-ও এখনো জোটেনি টিকার দ্বিতীয় ডোজ।
জিয়াউদ্দিন আহমেদ বলেন, আজ থেকে ৩৮ বছর আগে এরশাদ প্রতিটি উপজেলায় হাসপাতাল করেছিলেন। আজ সেই হাসপাতালেই গ্রামের মানুষের করোনা চিকিৎসা চলছে। করোনা প্রকোপের দেড় বছর পরও হাসপাতালগুলোতে সরকার পর্যাপ্ত অক্সিজেন, আইসিইউ সাপোর্ট দিতে পারেনি।
দোয়া মাহফিল ও আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব ও স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি লিয়াকত হোসেন, সাধারণ সম্পাদক মো. বেলাল হোসেন, কেন্দ্রীয় নেতা সুলতান মাহমুদ, মাহমুদ আলম প্রমুখ।