বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশনেত্রী খালেদা জিয়া ঈদের পরে যে আন্দোলনের ঘোষণা দিয়েছেন, তা গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণ পরিবেশে করা হবে। সরকার যদি গণতান্ত্রিক ভাষা বুঝতে না পারে, তাহলে সরকারের ভাষাতেই আন্দোলন জোরদার করা হবে। এ আন্দোলনে ২০-দলীয় জোটের সব শরিক দল সক্রিয় থাকবে।
গতকাল শুক্রবার সকালে কুড়িগ্রাম শহরের সর্দারপাড়া এলাকায় নিজ বাড়িতে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় তিনি এসব কথা বলেন।
রিজভী আহমেদ বলেন, বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী স্ট্যান্ডিং কমিটির সভায় আন্দোলনের দিনক্ষণ ঠিক করা হবে। তিনি আরও বলেন, ক্রমাগত কণ্ঠরোধ করে চলেছে এই সরকার। গণতন্ত্রে বিরোধী দলের যে অধিকার, সেটিকে তারা ভয়াবহভাবে দমন করেছে। বিরোধী দলের অধিকার হরণ করেছে। এখন সরকারের আচরণের ওপর নির্ভর করবে এ আন্দোলনের পরবর্তী রূপ কী রকম হবে এবং কতটা তীব্র থেকে তীব্রতর হবে।
সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি আবু বকর সিদ্দিক, মোস্তাফিজার রহমান ও শফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক হাসিবুর রহমান হাসিব, শাহীন শেখ প্রমুখ।