সরকারের ভিত্তি দুর্বল, অভিযোগ বিএনপি'র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপন বলেছেন, ‘বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর বৈঠকে বাংলাদেশ প্রত্যাশা অনুযায়ী নিজেদের অবস্থান তুলে ধরতে ব্যর্থ হয়েছে। নৈতিক ভিত্তি দুর্বল হওয়ায় সরকার সীমান্ত হত্যা নিয়েও জোরালো প্রতিবাদ করতে পারছে না।’
আজ শুক্রবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন তিনি।
আসাদুজ্জামান বলেন, সম্প্রতি বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও ভারতের সীমান্তরক্ষী বিএসএফের ডিজি পর্যায়ের বৈঠক হয়েছে। সে বৈঠকে বাংলাদেশের প্রত্যাশা পূরণ হয়েছে বলে তাঁরা মনে করেন না। সীমান্ত হত্যার প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, ‘এ বৈঠক চলাকালেই নওগাঁ সীমান্তে একজন বাংলাদেশিকে হত্যা করা হয়েছে। আসাদুজ্জামানের দাবি, বর্তমান ক্ষমতাসীন সরকার বিনা ভোটে নির্বাচিত হয়েছে। যে কারণে তাদের ভিত্তি দুর্বল। এ জন্যই তারা প্রতিবেশীর কাছে প্রতিবাদও জানাতে পারছে না।’
সরকারদলীয় সাংসদ কর্তৃক হিন্দু সম্প্রদায়ের লোকজনের ভূমি দখলের প্রতিবাদ জানিয়ে আসাদুজ্জামান এ বিষয়ে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদকে ‘ঝেড়ে কাশার’ আহ্বান জানান। তিনি আরও বলেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় থাকলে দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ নির্যাতন ভোগ করে বলে প্রচার করা হয়। কিন্তু প্রমাণিত হয়েছে, বিএনপি নয়; আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে হিন্দুদের সম্পত্তি জবরদখল হয়। মানুষ নির্যাতনের শিকার হয়।