সরকারের ভূমিকা রহস্যঘেরা: খালেদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খালেদা জিয়া
খালেদা জিয়া

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া অভিযোগ করেছেন, উগ্র গোষ্ঠীর কার্যকলাপ নিয়ে সরকারের ভূমিকা এখন রহস্যঘেরা। জঙ্গিদের দমনের নামে বিএনপিসহ বিরোধী দলের নেতা-কর্মী, সমর্থক এবং সাধারণ মানুষের ওপর দুঃসহ নিপীড়নের খড়্গ নামিয়ে আনা হয়েছে।
আগামীকাল ২৬ জুন জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক নির্যাতন বিরোধী দিবস উপলক্ষে আজ শনিবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে খালেদা জিয়া এ কথা বলেন। তিনি বলেন, সারা বিশ্ব আজ যান্ত্রিক সভ্যতায় এগিয়ে গেলেও মানবিক সভ্যতা বেশি দূর এগোতে পারেনি। বাংলাদেশে গণতন্ত্র এখন বন্দী, এখানে ভয়াবহ দুঃশাসন চলছে। দেশে মানুষের ন্যায়বিচার পাওয়ার সব পথ বন্ধ হয়ে গেছে। এখন বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে।
বিবৃতিতে খালেদা জিয়া বলেন, বর্তমান সরকার ক্ষমতাসীন হওয়ার পরে বিএনপিসহ বিরোধী দলের অসংখ্য নেতা-কর্মী গুম, খুন, অপহরণ ও গুপ্তহত্যার শিকার হয়েছে। বন্দুকযুদ্ধের নামে মানুষ হত্যাকে গা-সওয়া করানো হচ্ছে। সাংবাদিক হত্যা এবং অসংখ্য সাংবাদিককে নিষ্ঠুরভাবে নির্যাতন নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। মত প্রকাশের স্বাধীনতা স্তব্ধ করে দেওয়ার জন্য একের পর এক সংবাদপত্র, টেলিভিশন বন্ধ করে দেওয়া হয়েছে, যাতে বিরোধীদের কণ্ঠ শোনা না যায়। তিনি আরও বলেন, সরকারের নিষ্ঠুর দমননীতির ছোবলে গণতন্ত্রকে দেশছাড়া করা হয়েছে। উত্থান হয়েছে এক দানবীয় উগ্র জঙ্গি শক্তির, যারা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান, ব্লগার, শিয়া সম্প্রদায়, পীর, বাউল-সাধক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ওপর মরণঘাতী হামলা করছে। প্রতিদিন কোনো না কোনো জনপদ রক্তে সিক্ত হচ্ছে। এই উগ্র গোষ্ঠীর কার্যকলাপ নিয়ে সরকারের ভূমিকা এখন রহস্যঘেরা।