সরকারের মতের বিরোধীরা বিপদে আছেন: শামসুজ্জামান
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান অভিযোগ করেছেন, যারা ক্ষমতাসীন সরকারের মতের বিপরীতে চলছে, বিরোধিতা করছে তারা বিপদে আছে। সরকারের মতের বিপক্ষে চলার কারণে আমার দেশ পত্রিকা, চ্যানেল ওয়ান, দিগন্ত ও ইসলামিক টেলিভিশন বন্ধ করে দেওয়া হয়েছে। চাপে আছে আরও অনেক গণমাধ্যম।
চলচ্চিত্রনির্মাতা চাষী নজরুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে শামসুজ্জামান এ অভিযোগ করেন। আজ রোববার জাতীয় প্রেসক্লাবে মাসিক উর্মি পত্রিকা এই আলোচনা সভা ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠানের আয়োজন করে।
শামসুজ্জামান বলেন, চাষী নজরুল মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘ওরা ১১ জন’ নির্মাণ করেছেন। এটি একটি অসাধারণ চলচ্চিত্র। স্বাধীনতার পর অনেকেই চলচ্চিত্র নির্মাণ করেছেন। কিন্তু চাষী নজরুল ছিলেন অনবদ্য। তিনি অভিযোগ করেন, এখন রাজনীতি, সাহিত্য, চলচ্চিত্র সব জায়গায় আকাল চলছে।
চাষী নজরুল ইসলামের স্ত্রী জোছনা কাজী বলেন, ‘আমরা কথা বলার, চলার কোনো স্বাধীনতা পাচ্ছি না। চাষী নজরুল জাতীয়তাবাদী চেতনার একজন সৈনিক ছিলেন।’ তিনি বলেন, ‘কেন আমরা সভা করব প্রেসক্লাবে, আমরা সভা করব রাজপথে। আসুন আমরা গণতন্ত্র রক্ষার আন্দোলনে শামিল হই।’
আলোচনা সভায় বক্তব্য দেন শাহজাহান শেখ, সাংবাদিক রিটা রহমান, রফিকুল ইসলাম প্রমুখ।