সরকারের লুটপাটের কারণে দাম বাড়ছে: গয়েশ্বর
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, সরকার টাকা লুটপাট করার ফলে যে ঘাটতি তৈরি হয়েছে, তার জন্য জিনিসপত্রের দাম বাড়ানো হচ্ছে।
ঢাকা মহানগর দক্ষিণের ২০ ও ২১ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের কর্মীসভায় গয়েশ্বর চন্দ্র রায় এসব কথা বলেন। আজ শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এ সভা হয়।
গয়েশ্বর রায় বলেন, ১৪ বছরে সব জিনিসের দাম বেড়েছে। শুধু মানুষের দাম কমেছে। করোনায় যে পরিমাণ মানুষ মারা গেছে, তার চেয়ে বেশি মানুষ মারা গেছে চাকার নিচে পড়ে।
গয়েশ্বর চন্দ্র বলেন, সরকারের লুটপাট রসাতলের নিম্ন স্তরে এসে পৌঁছেছে। চারদিকে আহাজারি। স্বাস্থ্য খাতে করুণ অবস্থা। সরকারের থাকার যোগ্যতা নেই। এখন আন্দোলন শুধু খালেদা জিয়ার মুক্তি নয়, জনগণের মুক্তির জন্য।
শাহবাগ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সজল হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কমিটির সদস্যসচিব জুয়েল হোসেন। সভায় আরও বক্তব্য দেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আবদুল কাদের, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সভাপতি এম জিলানীম ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।