সরকারের লোভে দ্রব্যমূল্য আকাশচুম্বী: ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রেসক্লাবের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির যৌথ উদ্যোগে ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে’ প্রতীকী অনশন কর্মসূচি
ছবি: প্রথম আলো

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকারের লোভের কারণে দ্রব্যমূল্য আকাশচুম্বী হয়ে গেছে। তিনি বলেন, এ সরকার জনগণকে স্বস্তি দিতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। আমাদের চাল, ডাল, তেল, লবণসহ সব নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমাতে এ সরকার ব্যর্থ হয়েছে।

আজ শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির যৌথ উদ্যোগে ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে’ এক প্রতীকী অনশন কর্মসূচিতে এ মন্তব্য করেন তিনি। সকাল ১০টায় পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে এ কর্মসূচি শুরু হয়। চলবে বেলা ৩টা পর্যন্ত।

আরও পড়ুন

গণ-অনশনে স্বাগত বক্তব্য দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘এই সরকার কী করছে? তাদের লাগামহীন লোভ এবং তাদের সিন্ডিকেটে লোভের কারণে প্রতিটি জিনিসের দাম আকাশচুম্বী হয়ে গেছে।’

বিএনপির এ নেতা আরও বলেন, ‘অনির্বাচিত আওয়ামী লীগ সরকার আজকে ভয়াবহ অবস্থার সৃষ্টি করেছে। তাদের যদি আমরা পরাজিত করতে না পারি, তাদের যদি ক্ষমতা থেকে সরিয়ে দিতে না পারি, তাহলে এ দেশের মানুষের অস্তিত্ব থাকবে না।’

নেতা–কর্মীদের উদ্দেশ করে বিএনপির মহাসচিব বলেন, ‘আজকে অনশন পালন করে এ সরকারকে জানিয়ে দেন, এ সরকারের ওপর এ দেশের মানুষের আর কোনো আস্থা নেই। তাদের সরে যেতে হবে আর একটি নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে, নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় নির্বাচনের মাধ্যমে একটা জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। সেই আন্দোলন আমাদের শুরু করতে হবে।’

আরও পড়ুন

কর্মসূচিতে কেন্দ্রীয় নেতারা প্রেসক্লাবের সামনে ফুটপাতে চেয়ার পেতে বসেন এবং কর্মীদের বসার জন্য রাস্তার কার্পেট বিছিয়ে দেওয়া হয়েছে।

কর্মসূচিকে কেন্দ্র করে সকাল সাড়ে ৮টা থেকেই ব্যানার, ফেস্টুনসহ খণ্ড খণ্ড মিছিল নিয়ে নগর বিএনপির বিভিন্ন ওয়ার্ড এবং থানার নেতা–কর্মীদের জড়ো হতে দেখা গেছে। অনশনে নেতা–কর্মীরা প্রেসক্লাব প্রাঙ্গণে দ্রব্যমূল্য কমানো, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিসহ বিভিন্ন স্লোগান দেন।

বেলা ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ারউল্লাহ চৌধুরী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পানি পান করিয়ে অনশন ভাঙান।

প্রতীকী অনশন কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মৎস্য ভবন, কদম ফোয়ারা, পল্টনসহ প্রেসক্লাবের আশপাশে অবস্থান নিয়েছে। পাশাপাশি সাদা পোশাকে বিভিন্ন সংস্থার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও মোতায়েন করা হয়েছে।

কর্মসূচিতে উপস্থিত আছেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম।

নগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে এবং সদস্যসচিব আমিনুল হকের পরিচালনায় অনশনে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. মঈন খান, নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী, সহ–দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম, সহ–প্রচার সম্পাদক শামীমুর রহমান, নির্বাহী কমিটির সদস্য আবদুস সাত্তার পাটোয়ারীসহ বিপুলসংখ্যক নেতা–কর্মী।