আওয়ামী লীগ ‘কলঙ্কময় নির্বাচন করে’ ক্ষমতায় এসে জনগণের ভোটাধিকার, বাক্স্বাধীনতাসহ সব গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়ে প্রতারণা করেছে। তাই জাতীয় পার্টি আর এ সরকারের সঙ্গে থাকবে না।
গতকাল মঙ্গলবার বিকেলে দিনাজপুরের লোকভবনে দলের দ্বিবার্ষিক সম্মেলনে এ কথা বলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জি এম কাদের।
সম্মেলনে জি এম কাদের বলেন, দলের আর কোনো নেতা-কর্মী সরকারের সঙ্গে জাতীয় পার্টিকে দেখতে চায় না। নির্বাচনকে বৈধতা দিতে নানা কৌশলে, অনেক সুযোগ-সুবিধা দেওয়া এবং সংবিধান সংরক্ষণ ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার কথা বলে জাতীয় পার্টিকে নির্বাচন করায় আওয়ামী লীগ।
দিনাজপুর জেলা জাতীয় পার্টির সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহম্মদ শফির পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জি এম কাদের। বিশেষ অতিথি ছিলেন বিরোধীদলীয় হুইপ মো. শওকত চৌধুরী, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মো. হাফিজ উদ্দিন আহম্মেদ ও যুগ্ম মহাসচিব রেজাউল ইসলাম।
সম্মেলনে পুনরায় দেলোয়ার হোসেনকে সভাপতি ও আহম্মদ শফিকে সাধারণ সম্পাদক করে জেলা জাতীয় পার্টির ১০১ সদস্যের কমিটি গঠন করা হয়।
সরকারের সমালোচনা করে জি এম কাদের বলেন, শিক্ষাব্যবস্থা, স্বাস্থ্যসেবা ধ্বংস হয়ে গেছে। দলীয়করণ আর দুর্নীতির মাধ্যমে প্রশাসনযন্ত্রকে ধ্বংস করে দেওয়া হয়েছে। তিনি বলেন, জাতীয় পার্টির যে তিনজন মন্ত্রী এখন সরকারে রয়েছেন, তাঁরা পদত্যাগ করতে চান না। এই বক্তব্যের সময় সম্মেলনে উপস্থিত নেতা-কর্মীরা দাঁড়িয়ে অবিলম্বে এ তিনজনকে দল থেকে বহিষ্কারের দাবি জানান। জবাবে জি এম কাদের বলেন, এই দাবি দলের চেয়ারম্যান এইচ এম এরশাদকে জানানো হবে।