সরকারের সম্পৃক্ততা বেরিয়ে পড়ার ভয়ে 'ক্রসফায়ার' : খালেদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাগপা আয়োজিত ইফতার মাহফিলে বক্তব্য দেন বি​এনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ছবি: ফোকাস বাংলা
জাগপা আয়োজিত ইফতার মাহফিলে বক্তব্য দেন বি​এনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ছবি: ফোকাস বাংলা

গুপ্তহত্যায় সরকারের সম্পৃক্ততা বেরিয়ে পড়ার ভয়ে দু-একজন প্রকৃত অপরাধী ধরা পড়লেও তাদের ‘ক্রসফায়ারে’ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

আজ শনিবার বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের শরিক জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) আয়োজিত ইফতারে খালেদা জিয়া এই কথা বলেন।
বিএনপির চেয়ারপারসন অভিযোগ করেন, সাংবাদিক দম্পতি সাগর-রুনি খুনের পর থেকে একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে। কিন্তু প্রকৃত অপরাধীদের ধরা হচ্ছে না। খালেদা জিয়া বলেন, ‘দুই-একটা যদি অপরাধী ধরা পড়েও, প্রকৃত অপরাধী কি না জানি না, সেই অপরাধীকেও দেখা যায়, জেলে নিয়ে যায়, তারপর রিমান্ডে, রিমান্ড থেকে আর সে জেলখানায় ফেরত যায় না বা বাবা-মার কাছেও ফেরত যায় না। সে সোজা চলে যায় ক্রসফায়ারে। তার উদ্দেশ্যটা কী? অর্থাৎ সে এমন কিছু তথ্য দিয়ে দেয়, যার সঙ্গে দেখা যাবে তথ্যগুলো বের হলেই সরকার জড়িয়ে পড়বে, সে জন্য তাকে তখন ক্রসফায়ারে দেওয়া হয়।’
খালেদা জিয়া দাবি করেন, সাগর-রুনি হত্যায় জড়িত প্রকৃত অপরাধীদের ধরা হলে সরকারের অপকর্ম বেরিয়ে আসবে। এ কারণে তাদের ধরা হচ্ছে না। সাংবাদিক দম্পতির ল্যাপটপে গুরুত্বপূর্ণ তথ্য ছিল।
খালেদা জিয়া অভিযোগ করেন, উচ্চ আদালত নির্দেশনা দিয়েছেন বিনা ওয়ারেন্টে, সাদাপোশাকে কাউকে গ্রেপ্তার করা যাবে না। কিন্তু সে নির্দেশনা মানা হচ্ছে না। খালেদা অভিযোগ করেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রী না অন্য কারও নির্দেশ পালন করেন, তা নিয়ে প্রশ্ন আছে।
খালেদা জিয়া বলেন, দেশের স্বাধীনতা বিপন্ন হতে চলেছে। এ অবস্থায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যেতে হবে।
ইফতারে জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিমসহ ২০-দলীয় জোটের শরিক দলগুলোর শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।