সরকারের সম্পৃক্ততা বেরিয়ে পড়ার ভয়ে 'ক্রসফায়ার': খালেদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাগপার ইফতারে বক্তব্য দিচ্ছেন খালেদা জিয়া  l ছবি: প্রথম আলো
জাগপার ইফতারে বক্তব্য দিচ্ছেন খালেদা জিয়া l ছবি: প্রথম আলো

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া অভিযোগ করেছেন, বিভিন্ন হত্যাকাণ্ডের ঘটনায় দু-একজন প্রকৃত অপরাধী ধরা পড়লেও সরকারের সম্পৃক্ততা বেরিয়ে পড়ার ভয়ে তাদের ‘ক্রসফায়ারে’ দেওয়া হচ্ছে।
গতকাল শনিবার বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের শরিক জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) আয়োজিত ইফতারে খালেদা জিয়া এই অভিযোগ করেন।
বিএনপির চেয়ারপারসন অভিযোগ করেন, সাংবাদিক দম্পতি সাগর-রুনি খুনের পর থেকে একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে। কিন্তু প্রকৃত অপরাধীদের ধরা হচ্ছে না। খালেদা জিয়া বলেন, ‘দুই-একটা যদি অপরাধী ধরা পড়েও, প্রকৃত অপরাধী কি না জানি না, সেই অপরাধীকেও দেখা যায়, জেলে নিয়ে যায়, তারপর রিমান্ডে, রিমান্ড থেকে আর সে জেলখানায় ফেরত যায় না বা বাবা-মার কাছেও ফেরত যায় না। সে সোজা চলে যায় ক্রসফায়ারে। তার উদ্দেশ্যটা কী? অর্থাৎ সে এমন কিছু তথ্য দিয়ে দেয় যার সঙ্গে দেখা যাবে তথ্যগুলো বের হলেই সরকার জড়িয়ে পড়বে, সে জন্য তাকে তখন ক্রসফায়ারে দেওয়া হয়।’
খালেদা জিয়া দাবি করেন, সাগর-রুনি হত্যায় জড়িত প্রকৃত অপরাধীদের ধরা হলে সরকারের অপকর্ম বেরিয়ে আসবে। এ কারণে তাদের ধরা হচ্ছে না। সাংবাদিক দম্পতির ল্যাপটপে গুরুত্বপূর্ণ তথ্য ছিল। খালেদা জিয়া অভিযোগ করেন, উচ্চ আদালত নির্দেশনা দিয়েছে বিনা ওয়ারেন্টে, সাদাপোশাকে কাউকে গ্রেপ্তার করা যাবে না। কিন্তু সে নির্দেশনা মানা হচ্ছে না। সরকার উল্টো আদালতকে নির্দেশ দেয়। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে নিজে, না অন্য কারও নির্দেশ পালন করেন তা নিয়ে প্রশ্ন আছে।
ইফতারে জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিমসহ ২০-দলীয় জোটের শরিক দলগুলোর শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
‘জঙ্গিবাদ’ ও ‘আওয়ামীবাদ’ যমজ দুই ভাই: ‘জঙ্গিবাদ’ ও ‘আওয়ামীবাদ’ যমজ দুই ভাই বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ মহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিজভী আরও বলেন, ‘এ দুই গোষ্ঠী বন্য, ধূর্ত, হিংস্র পশুর মতো নিষ্ঠুর এবং স্বভাবগতভাবে বেপরোয়া ও উদ্ধত। শেখ হাসিনা খুনোখুনি, রক্তারক্তি টিকিয়ে রাখতে চান এ জন্য যে তাঁর সিংহাসন পর্যন্ত কেউ যাতে পৌঁছাতে না পারে।... এ কারণেই তিনি এ ধরনের রক্তারক্তির পরিবেশ বজায় রাখতে চান।’
রিজভী অভিযোগ করেন, বিশেষ অভিযান শেষ হয়েছে। তারপরও দমন-পীড়ন চলছে। গ্রেপ্তার করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার, সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ ও সেলিমুজ্জামান সেলিম উপস্থিত ছিলেন।