সরকার-সমর্থকদের দায়ী করল বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভিন্নমত দমনের অংশ হিসেবে চট্টগ্রাম নগর বিএনপির সাধারণ সম্পাদকের বাসার সামনে ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির নেতারা। তাঁরা দাবি করেছেন, সরকার-সমর্থক নেতা-কর্মীরা এ কাজ করেছেন। এ ঘটনাকে অশুভ রাজনীতির ইঙ্গিত বলেও তাঁরা উল্লেখ করেছেন।
গত বুধবার গভীর রাতে ওয়ার সিমেট্রি এলাকার নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেনের বাসার সামনে তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এর প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার বিকেলে দলীয় কার্যালয় নাসিমন ভবন চত্বরে বিক্ষোভ সমাবেশ করে নগর বিএনপি।
সমাবেশে সংসদের সাবেক হুইপ ও বিএনপির নেতা সৈয়দ ওয়াহিদুল আলম বলেন, বোমা হামলা চালিয়ে ভিন্নমতের কণ্ঠ রোধ করা যাবে না।
নগর বিএনপির সহসভাপতি আবু সুফিয়ান বলেন, খালেদা জিয়ার গাড়িবহরে হামলা এবং শাহাদাৎ হোসেনের বাসার সামনে বোমা হামলা বিচ্ছিন্ন ঘটনা নয়। এসব কর্মকাণ্ড অশুভ রাজনীতির ইঙ্গিত। কারোর জন্য তা শুভ নয়। এ ধরনের কর্মকাণ্ড পরিহার করে গণতান্ত্রিকভাবে বিএনপিকে মোকাবিলা করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
বিএনপির নেতারা জানান, বুধবার গভীর রাতে দুর্বৃত্তরা একটি ব্যক্তিগত গাড়ি ও তিন-চারটি মোটরসাইকেলে করে শাহাদাৎ হোসেনের বাসার সামনে এসে ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।
তিনটি ককটেল বিস্ফোরণের শব্দে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার সময় শাহাদাৎ হোসেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কার্যালয়ে ছিলেন।
এ বিষয়ে শাহাদাৎ হোসেন বলেন, ‘আমি বুধবার রাত নয়টার ফ্লাইটে ঢাকায় পৌঁছে চেয়ারপারসনের কার্যালয় যাই। রাত ১২টার দিকে বাড়ির দারোয়ান ফোন করে আমাকে ককটেল বিস্ফোরণের খবর জানায়। আসলে ভিন্নমত সহ্য হচ্ছে না বলে সরকার-সর্থকেরা এই হামলা চালিয়েছে।’