সরকার-সমর্থকেরা কৌশল ঠিক করার কাজে, বিরোধীরা আতঙ্কে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাত পোহালেই ভোট। প্রায় এক মাস ধরে চালানো অক্লান্ত পরিশ্রমের চূড়ান্ত পরিণতি আজ মঙ্গলবার। ভোটের আগের দিন গতকাল সোমবার ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের গুরুত্বপূর্ণ মেয়র পদপ্রার্থীরা কাটিয়েছেন ঘরোয়া বৈঠক ও কৌশল ঠিক করার কাজে।

অবশ্য সরকার-সমর্থকদের বাদ দিলে অন্য সব গুরুত্বপূর্ণ প্রার্থীই ভোটারদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। প্রশাসন ও সরকার-সমর্থক প্রার্থীর লোকজনের পক্ষ থেকে হুমকি-ধমকি, হামলা ও হয়রানির অভিযোগ করেছেন। ভোটের আগে তাঁদের কাছে প্রতিক্রিয়া জানতে চাইলে তাঁরা প্রথম আলোকে এসব কথা বলেন।

কৌশল ঠিক করতে ব্যস্ত আনিস-খোকন: আচরণবিধির কথা বলে ঢাকা উত্তরের আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী আনিসুল হক ও দক্ষিণের সাঈদ খোকন কোনো প্রতিক্রিয়া দিতে রাজি হননি। আনিসুল হকের প্রতীক টেবিল ঘড়ি। তাঁর প্রচার দলের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি আজ সকাল সাড়ে আটটায় বনানী বিদ্যানিকেতনে সপরিবারে ভোট দেবেন। আর সাঈদ খোকন সকাল সাড়ে ১০টায় ভোট দেবেন নাজিরাবাজার ইসলামিয়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। তাঁর প্রতীক ইলিশ। এই দুই প্রার্থীর ঘনিষ্ঠজনেরা জানিয়েছেন, পোলিং এজেন্ট ও নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের নিয়ে বৈঠক ও কৌশল ঠিক করার কাজ নিয়ে দিন কাটিয়েছেন তাঁরা দুজন।

পোলিং এজেন্ট নিয়ে তাবিথের যত ঝামেলা: ঢাকা উত্তরে বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী তাবিথ আউয়াল গতকাল রাত পর্যন্ত পোলিং এজেন্ট চূড়ান্ত করার কাজ করেন। তাঁর প্রতীক বাস। তিনি জানান, অনেককে ভয়ভীতি দেখিয়ে সরে যেতে বাধ্য করা হচ্ছে। এ জন্য সারা দিন এ নিয়েই কাজ করতে হয়েছে। তিনি অভিযোগ করেন, গতকালও তাঁর ১০ সমর্থককে ধরে নিয়ে যাওয়া হয়েছে। সর্বত্র আতঙ্ক ছাড়ানো হচ্ছে, যাতে ভোটাররা ভোটকেন্দ্রে না যান। এগুলো ঠেকাতে সর্বোচ্চ ক্ষমতা নির্বাচন কমিশনকে দেওয়া হয়েছে। তাদেরই দায়িত্ব ভোটার ও প্রার্থীকে কেন্দ্রে যাওয়া এবং ফিরে আসার নিরাপত্তা দেওয়া। সব বাধা পায়ে ঠেলে ভোটাররা কেন্দ্রে যাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। আজ সকাল আটটায় গুলশান-১ নম্বরে মানারাত ইন্টারন্যাশনাল স্কুলে তিনি ভোট দেবেন।

আব্বাস আড়ালে, আফরোজা ইসির দিকে তাকিয়ে: ঢাকা দক্ষিণে বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী মির্জা আব্বাস। তাঁর প্রতীক মগ। মামলার কারণে এখনো তিনি প্রকাশ্যে আসেননি। শুরু থেকেই প্রচারকাজ চালিয়েছেন তাঁর স্ত্রী আফরোজা আব্বাস।

গতকাল আফরোজা আব্বাস বলেন, দিনভর প্রস্তুতিমূলক কিছু কাজ করেছেন। ফাঁকে হাসপাতালে এক আত্মীয়কে দেখতে যান। তিনি দাবি করেন, পরিস্থিতি থমথমে। পুলিশ গতকাল দুপুরেও তাঁর বাড়ির সামনে মহড়া দিয়েছে। রোববার রাতে তিন কর্মীকে পুলিশ নিয়ে যাচ্ছিল। পরে তিনি পথ থেকে তাঁদের ছাড়িয়ে আনেন। তাঁর ঠিক করা পোলিং এজেন্ট ও তাঁদের পরিবারের সদস্যদের হুমকি দেওয়া হচ্ছে।

আফরোজার আশা, রাস্তায় ভোটারদের না আটকালে ভয়ভীতির পরও সবাই কেন্দ্রে যাবেন। নির্বাচন কমিশনের দায়িত্ব ভোটারদের নির্বিঘ্নে কেন্দ্রে আসার সুযোগ করে দেওয়া। তিনি বলেন, এর আগে কমিশন বিতর্কিত হয়েছে। তাদের সামনে একটা বড় সুযোগ এসেছে বিতর্ক চাপা দেওয়া এবং স্বীয় সম্মান পুনরুদ্ধারের।

আফরোজা আব্বাস জানিয়েছেন, সকালে শাহজাহানপুরে মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজে তিনি ভোট দেবেন। অন্যদিকে তাঁর প্রচার দলের সদস্য মাহমুদ হাসান জানিয়েছেন, আব্বাসও একই কলেজে ভোট দেবেন।

মাহী বি চৌধুরীর ওপর চাপ নেই: ঢাকা উত্তরের মেয়র পদপ্রার্থী মাহী বি চৌধুরী বলেন, নির্বাচন কেমন হবে, সেটা নির্ভর করছে সরকারের মর্জির ওপর। মানুষের মধ্যে শঙ্কা আছে, ভোট দিতে পারবে কি না। নির্বাচন কমিশনের জন্য এটা একটা পরীক্ষা। সম্মানের সঙ্গে উতরাতে পারলেই মঙ্গল।

শনিবার রাতে তেজগাঁও এলাকায় স্ত্রীসহ আক্রমণের শিকার হয়েছিলেন। প্রতিদ্বন্দ্বী কারও কারও দিকে সন্দেহের তির ছুড়েছিলেন। সরকারি দল কিংবা বিরোধী পক্ষ কারও কাছ থেকে কোনো চাপ আছে কি না জানতে চাইলে গতকাল মাহী বলেন, ‘সবাই যার যার প্রেশারই (চাপ) তো সামলাতে পারছে না। এখন কারও কাছ থেকে প্রেশার নেই।’ মাহী সকালে ভোট দেবেন বারিধারার ৯০ পার্ক রোড কেন্দ্রে।

ক্বাফী রতনের ভরসায় আঘাত: সিপিবি-বাসদ সমর্থিত ঢাকা উত্তরের মেয়র পদপ্রার্থী আবদুল্লাহ আল ক্বাফীর (ক্বাফী রতন) নির্বাচনী প্রতীক ‘হাতি’। গতকাল দিনভর ভোটের কিছু সাংগঠনিক কাজ ও বৈঠক করে কাটিয়েছেন। নির্বাচনের পরিবেশ সম্পর্কে তিনি বলেন, সরকার দল-সমর্থিত প্রার্থীর লোকজন এবং প্রশাসন যুগপৎভাবে তাঁদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। রোববার বিকেলে তাঁর প্রধান নির্বাচনী এজেন্টকে কল্যাণপুরে মারধর করা হয়েছে। নাখালপাড়ায় তাঁর প্রধান নির্বাচনী কার্যালয়ে খোঁজাখুঁজি করে তাঁকে না পেয়ে এক সমর্থককে হাত-পা ভেঙে দেওয়া হয়েছে।

ক্বাফী রতন মনে করেন, তাঁর মূল ভরসা নিম্ন আয়ের মানুষ ও নিরীহ ভোটার। এই শ্রেণির ভোটারদের মধ্যে ভীতি সঞ্চার করার জন্যই এগুলো করা হচ্ছে। এর পরও সবাইকে তিনি বলেছেন শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যেতে। নির্বাচন কমিশন পুরোপুরি অথর্বের ভূমিকায় অবতীর্ণ হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

ইসির সর্বোচ্চ শক্তি প্রয়োগ চান জোনায়েদ সাকি: ‘টেলিস্কোপ’ প্রতীক নিয়ে ঢাকা উত্তরে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জোনায়েদ আবদুর রহিম সাকি। সাবেক এই ছাত্রনেতারও মূল শক্তি তরুণ ও খেটে খাওয়া মানুষ। গতকাল তিনি পোলিং এজেন্টসহ নির্বাচনী কাজে নিয়োজিত ব্যক্তিদের নিয়ে শেষ মুহূর্তের বৈঠক করে কাটিয়েছেন।

সাকির অভিযোগ, সরকার-সমর্থকদের পক্ষ থেকে পেশিশক্তির প্রদর্শন করা হচ্ছে। এর ফলে ভোটারদের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে। টাকার খেলা চলছে। নির্বাচন কমিশন তাদের সাংবিধানিক ক্ষমতার সর্বোচ্চ প্রয়োগ করতে না পারলে সুষ্ঠু ভোট হবে না। তখন রাজনৈতিক সংকট আরও প্রকট হবে।

সাকি সকাল নয়টায় ভোট দেবেন নিউ ইস্কাটনের ইস্পাহানী বালিকা উচ্চবিদ্যালয়ে।

চট্টগ্রামের দুই প্রার্থীর শেষ মুহূর্তের আহ্বান

একবার সুযোগ চান আ জ ম নাছির উদ্দিন: আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী, প্রতীক-হাতি। যেখানেই গেছি মানুষ আমাকে বুকে টেনে নিয়েছে। নগরবাসীকে সেবা করার জন্য আমি শুধু একবার সুযোগ চাই। প্রচারণাকালে যে সাড়া পেয়েছি তা যেন ভোটের দিন পর্যন্ত বজায় থাকে। ইনশা আল্লাহ নগরবাসী ব্যালটের মাধ্যমে তাঁদের ভালোবাসার রায় আমাকে দেবেন।