সরব আ.লীগ, মাঠে নেই বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৌকা প্রতীকের প্রার্থী হতে আগ্রহী অনেকেই। মাঠেও আছেন বেশ কয়েকজন। দাগনভূঞা ও সোনাগাজী উপজেলা নিয়ে গঠিত এ আসনে (ফেনী-৩) আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে প্রকাশ্য বিরোধ না থাকলেও গোপনে একাধিক ধারা বিরাজ করছে।

অন্যদিকে বিএনপির কোনো প্রার্থীই এ মুহূর্তে মাঠে সক্রিয় নেই। নেতা-কর্মীরা রয়েছেন ধোঁয়াশার মধ্যে। মামলা-মোকদ্দমায় অনেকেই পর্যুদস্ত।

তা ছাড়া, এই আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন আলোচিত সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী।

১৯৯১ সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন থেকে শুরু করে ২০০৮ সাল পর্যন্ত সব কটি নির্বাচনে এই আসন থেকে বিএনপির প্রার্থীরা বিজয়ী হন।

বিএনপি ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন বর্জন করে। আওয়ামী লীগের প্রার্থী ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবুল বাশার। আসনটি মহাজোটের শরিক জাতীয় পার্টির রিন্টু আনোয়ারকে দেওয়া হলে আবুল বাশার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। কিন্তু রিন্টু আনোয়ারও শেষ পর্যন্ত মাঠে ছিলেন না। স্বতন্ত্র প্রার্থী হিসেবে জেদ্দা আওয়ামী লীগের সাবেক সভাপতি রহিম উল্লাহ অনেকটা খালি মাঠে নির্বাচিত হন।

আ.লীগের মনোনয়ন চান অনেকে
বর্তমানে নির্বাচনী মাঠে সক্রিয় আছেন কেন্দ্রীয় যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবুল বাশার, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সাবেক সহসম্পাদক জহির উদ্দিন মাহমুদ। মাঠে আছেন দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি দিদারুল কবীর। বর্তমান সাংসদ রহিম উল্লাহ এবারও দলের মনোনয়ন চাইবেন বলে জানান।

যুবলীগের নেতা আবুল বাশার বলেন, তিনি ২০০৮ সালে নির্বাচন করে অল্প ভোটের ব্যবধানে হেরে যান। ২০১৪ সালে দলীয় মনোনয়ন পেয়েও সভানেত্রীর অনুরোধে মনোনয়নপত্র প্রত্যাহার করেন। এবার মনোনয়ন দেওয়া হলে জিততে পারবেন বলে আশাবাদী তিনি।

মনোনয়নের দৌড়ে যুক্ত হয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমানও। তিনি বললেন, শেষ জীবনে এসে একবার জাতীয় সংসদ নির্বাচনে দলের প্রার্থী হতে চান।

জহির উদ্দিন মাহমুদ মনোনয়ন পাওয়ার বিষয়ে শতভাগ আশাবাদী বলে জানিয়েছেন।

দুই অভিনয়শিল্পী রোকেয়া প্রাচী ও শমী কায়সারও এই আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচন করতে আগ্রহী। তাঁরা এলাকায় যাতায়াত বাড়িয়েছেন এবং নানা কার্যক্রম চালাচ্ছেন অনেক দিন ধরে।

এর বাইরে আলোচনায় আছেন বেশ কয়েকজন। এর মধ্যে রয়েছেন জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ও মার্কেন্টাইল ব্যাংকের সাবেক চেয়ারম্যান আক্রাম হোসেন হুমায়ুন, এনআরবি ব্যাংকের চেয়ারম্যান নিজাম চৌধুরী।

আলোচনায় মাসুদ উদ্দিন
২০০৭ সালে এক-এগারো পটপরিবর্তনের ঘটনায় আলোচিত সেনা কর্মকর্তা লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী ফেনী-৩ আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় আছেন। মাসুদ উদ্দিন চৌধুরীর বাড়ি সোনাগাজী। তিনি ঢাকার সোনাগাজী সমিতির সভাপতি। সেনাবাহিনীর নবম ডিভিশনের তৎকালীন জিওসি মাসুদ উদ্দিন চৌধুরী এক-এগারোর পরিবর্তনের পর গুরুতর অপরাধ দমন-সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির সমন্বয়ক ছিলেন। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তিনি অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার নিযুক্ত হন।

বেশ কিছুদিন ধরে ‘মাসুদ উদ্দিন চৌধুরী সমর্থক গোষ্ঠী’ নাম দিয়ে এলাকার একদল যুবক ফেসবুকে তাঁকে এ আসনে প্রার্থী হিসেবে দেখতে আগ্রহী বলে প্রচার চালাচ্ছেন।

প্রার্থী হতে আগ্রহী কি না—জানতে চাইলে মাসুদ উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘দেশ ও এলাকার মানুষের জন্য কাজ করার আগ্রহ অবশ্যই আছে। তবে আকাশে চাঁদ উঠলে সবাই দেখবে।’

বিএনপির কেউ মাঠে নেই
এই আসনে বিএনপি থেকে কে প্রার্থী হচ্ছেন, তা এখনো পরিষ্কার নয়। নেতা-কর্মীদের বড় অংশ গত কয়েক বছরের মামলা, হামলায় কোণঠাসা। এলাকাছাড়া অনেকেই। এখন পর্যন্ত বিএনপির সম্ভাব্য প্রার্থীদের কারও মাঠে তৎপরতা নেই। এই আসনে বিএনপির একমাত্র বড় নেতা হলেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী আবদুল আউয়াল।

ফেনী জেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন আহম্মদ বলেন, স্থানীয় নেতা-কর্মীরা এ আসনে আবদুল আউয়ালকে প্রার্থী হিসেবে দেখতে আগ্রহী। আবার, আবদুল আউয়াল এই আসনে প্রার্থী না হলে তাঁর ছোট ভাই ও দাগনভূঞা উপজেলা বিএনপির সভাপতি আকবর হোসেনও বিএনপির মনোনয়নপ্রত্যাশী হিসেবে আলোচনা আছেন। তবে আকবর হোসেন প্রথম আলোকে বলেন, স্থানীয় নেতা-কর্মীরা আবদুল আউয়ালকে নিয়েই নির্বাচন করতে বেশি আগ্রহী।

বিএনপি থেকে মনোনয়ন চাইবেন যুক্তরাষ্ট্রপ্রবাসী সোলায়মান ভূঁঞাও। অন্য যাঁরা আলোচনায় আছেন, তাঁদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় বিএনপির সাবেক সহদপ্তর সম্পাদক আবদুল লতিফ (জনি), বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাহানা আক্তার।