সরাইলে পাঁচ ইউনিয়নে পাল্টাপাল্টি কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়ন শাখা যুবলীগের পাল্টাপাল্টি তিনটি কমিটি ঘোষণা করা হয়েছে। নেতৃত্ব নিয়ে বিরোধের জের ধরে উপজেলা যুবলীগের তিনটি পক্ষ এসব কমিটি গঠন করে। এ নিয়ে উপজেলায় পাঁচটি ইউনিয়নে যুবলীগের পাল্টাপাল্টি কমিটি ঘোষিত হয়েছে।

যুবলীগের একাধিক সূত্র জানায়, ১০ বছর আগে শরীফ মৃধা ওরফে কালা গাজীকে সভাপতি ও শামীম মিয়াকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্যের নোয়াগাঁও ইউনিয়ন যুবলীগের কমিটি গঠন করে তৎকালীন উপজেলা যুবলীগ। গত ১৪ ফেব্রুয়ারি নোয়াগাঁও ইউপি কমিটি বিলুপ্ত ঘোষণা করেন উপজেলা যুবলীগের সভাপতি আশরাফ উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. শের আলম মিয়া। তাঁরা ২৮ এপ্রিল হারুনুর রশীদকে আহ্বায়ক, আজিজুল হাকিমসহ ছয়জনকে যুগ্ম আহ্বায়ক, একজনকে সদস্য করে নোয়াগাঁও ইউপির কমিটি ঘোষণা করেন। ওই কমিটিতে হেলাল মিয়া ও রিপন মিয়াকেও যুগ্ম আহ্বায়কের পদ দেওয়া হয়। কিন্তু ৩০ এপ্রিল হেলাল ও রিপন ২৮ এপ্রিলের কমিটিকে অবৈধ ঘোষণা করেন। ওই দিনই হেলাল মিয়া নিজেকে আহ্বায়ক ও রিপন মিয়া নিজেকে যুগ্ম আহ্বায়ক করে ২১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করেন।

উভয় আহ্বায়ক কমিটি প্রত্যাখ্যান করেন উপজেলা যুবলীগের জ্যেষ্ঠ সহসভাপতি আল এমরান ও যুগ্ম সম্পাদক জিয়াউল হক। তাঁরা গত মঙ্গলবার বিকেলে নোয়াগাঁও শেখ আশরাফ উদ্দিন উচ্চবিদ্যালয়ের মাঠে নোয়াগাঁও ইউনিয়ন যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন করেন। ইউনিয়ন শাখার সাবেক কমিটির সহসভাপতি সাদেকুর রহমানের সভপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য ফরহাদ রহমান। এতে বক্তৃতা করেন উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মাহফুজ আলী, উপজেলা কৃষক লীগের সভাপতি শফিকুর রহমান, স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ইকবাল হোসেন, উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি আল এমরান, যুগ্ম সম্পাদক জিয়াউল হক প্রমুখ। সম্মেলন শেষে সোহাগ মৈশানকে আহ্বায়ক এবং গিয়াস উদ্দিনসহ আটজনকে যুগ্ম আহ্বায়ক করে ৪১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।

উপজেলা যুবলীগের জ্যেষ্ঠ সহসভাপতি আল এমরান ও যুগ্ম সম্পাদক জিয়াউল হক বলেন, আংশিক কমিটি করা হয়েছে আড়াই বছর আগে। ৯০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার কথা ছিল, কিন্তু এখনো তা করা হয়নি। এ অবস্থায় কার্যনির্বাহী কমিটির মিটিং এবং জেলা যুবলীগের পরামর্শ ছাড়া কোনো ইউনিয়ন কমিটি বিলুপ্ত বা অনুমোদন দেওয়ার বিধান সভাপতি ও সম্পাদকের নেই।

ওই দুই নেতার অভিযোগ, উপজেলা যুবলীগের দুই নেতা অনিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় টাকার বিনিময়ে ঘরে বসে পকেট কমিটি দিয়েছেন। অভিযোগকারী দুই নেতা ওই কমিটি মানেন না। তাঁরা বলেন, সম্মেলন করে নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় কমিটি দিয়েছেন। তাঁদের কমিটিই বৈধ।

এ ব্যাপারে সভাপতি আশরাফ উদ্দিন ও সাধারণ সম্পাদক শের আলম মিয়া বলেন, তাঁরা উপজেলা কমিটির সভাপতি হিসেবে নোয়াগাঁও ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কমিটি ঘোষণা করেছেন। আহ্বায়ক কমিটি করতে সম্মেলন লাগে না। ইউনিয়ন শাখার আওয়ামী লীগের নেতাদের পরামর্শে যোগ্যদেরই কমিটিতে রাখা হয়েছে। টাকার বিনিময়ে কমিটি দেওয়া যায় না। এটি কোনো পণ্য নয়। এ ছাড়া যাঁরা নানা কমিটি দিচ্ছেন, তাঁদের কোনো কমিটি দেওয়ার এখতিয়ার নেই।

উপেজলা যুবলীগ সূত্রে জানা গেছে, গত ১৪ ফেব্রুয়ারির পর উপজেলার ৯ ইউনিয়নের মধ্যে নোয়াগাঁও, সরাইল সদর, পানিশ্বর, শাহজাদাপুর ও চুন্টায় যুবলীগের পাল্টাপাল্টি আহ্বায়ক কমিটি হয়েছে।

এ বিষয়ে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক কাজী আমিনুল ইসলাম বলেন, সভাপতি ও সম্পাদকের সঙ্গে অন্যদের সমন্বয়ের অভাবে এবং তাঁদের পকেট কমিটি করার মানসিকতার কারণে সবখানে পাল্টাপাল্টি কমিটি হচ্ছে।