সরাইলে বিএনপির পাল্টাপাল্টি কমিটি ঘোষণায় উত্তেজনা
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়ন শাখা বিএনপির পাল্টাপাল্টি আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে দলটির দুটি পক্ষ। এ নিয়ে শাহবাজপুরে উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় সূত্র জানায়, প্রায় ১৩ বছর আগে মাসুদুল হাসানকে সভাপতি ও আবদুস শুক্কুরকে সাধারণ সম্পাদক করে ৫৪ সদস্যের শাহবাজপুর ইউনিয়ন শাখা বিএনপির কমিটি গঠন করা হয়। তিন বছর আগে আবদুস শুক্কুর মারা যান। ৬ ফেব্রুয়ারি উপজেলা বিএনপির নেতারা রিয়াজ উদ্দিনকে আহ্বায়ক ও মুন্সি আমান মিয়াকে সদস্যসচিব করে ১২ সদস্যের কমিটি ঘোষণা করেন।
উপজেলা বিএনপির করা এই কমিটি প্রত্যাখ্যান করেন সাবেক কমিটির সদস্যরা। গতকাল শুক্রবার বিকেলে ওই পক্ষের আইবুর রহমানের নেতৃত্বে শাহবাজপুর ইউনিয়ন শাখা বিএনপির দলীয় কার্যালয়ে প্রতিবাদ সমাবেশ করা হয়। এ সময় তাঁরা মাসুদুল হাসানকে আহ্বায়ক ও আইবুর রহমানকে সদস্যসচিব করে ১৫ সদস্যের কমিটি ঘোষণা করেন।
মাসুদুল হাসান ও আইবুর রহমান অভিযোগ করেন, ‘রিয়াজ উদ্দিন ও মুন্সি আমান কখনোই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না। উপজেলা বিএনপি আমাদের বাদ দিয়ে অযোগ্য লোকজনকে নিয়ে কমিটি ঘোষণা করেছে। শাহবাজপুর ইউনিয়ন বিএনপির কার্যালয় আমাদের দখলেই আছে। তাদের এখানে আসতে দেওয়া হবে না।’
তবে এ বিষয়ে রিয়াজ উদ্দিন মুঠোফোনে প্রথম আলোকেবলেন, ‘আমি ৩০-৩২ বছর ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছি। উপজেলা বিএনপি আমাদের উপযুক্ত মনে করেই দায়িত্ব দিয়েছে।’
এ বিষয়ে মুন্সী আমান মিয়া বলেন, ‘যারা আমাদের বিরুদ্ধে সমাবেশ বা কমিটি ঘোষণা করছে, তারা আওয়ামী লীগের লোক। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি বিএনপির দলীয় প্রতীকে নির্বাচন করেছি। তখন তাঁরা আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে কাজ করেছে।’
এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি আবদুর রহমান প্রথম আলোকে বলেন, উপজেলা পর্যায়ের শীর্ষ নেতারা একমত হয়ে রিয়াজ উদ্দিনকে আহ্বায়ক ও মুন্সি আমান মিয়াকে সদস্যসচিব করেছেন। তাঁরা বিএনপির সঙ্গে যুক্ত বলেই সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।