সরাইলে যুবলীগের পাল্টাপাল্টি কমিটি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়ন শাখা যুবলীগের পাল্টাপাল্টি আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে দলটির উপজেলা শাখার দুটি পক্ষ। এ নিয়ে শাহজাদাপুরে উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় সূত্র জানায়, ২০১২ সালের মার্চ মাসে তৎকালীন উপজেলা যুবলীগ শেখ দেলোয়ার হোসেনকে সভাপতি ও আকিল উদ্দিনকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্যের শাহজাদাপুর ইউনিয়ন যুবলীগের কমিটি গঠন করে। গত ১৪ ফেব্রুয়ারি উপজেলা যুবলীগের সভাপতি আশরাফ উদ্দিন ও সাধারণ সম্পাদক শের আলম মিয়া ওই কমিটি বিলুপ্ত করেন। তাঁরা ২০ ফেব্রুয়ারি আকিল উদ্দিনকে আহ্বায়ক ও আলী হায়দারসহ পাঁচজনকে যুগ্ম আহ্বায়ক করে একটি কমিটি গঠন করেন।
ওই আহ্বায়ক কমিটি প্রত্যাখ্যান করে উপজেলা কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি আল এমরান, যুগ্ম সম্পাদক জিয়াউল হক ও সাংগঠনিক সম্পাদক কাজী আমিনুল ইসলাম গত সোমবার সন্ধ্যায় শেখ দেলোয়ার হোসেনকে আহ্বায়ক ও ইকবাল মিয়াকে যুগ্ম আহ্বায়ক করে ৪১ সদস্যের আরেকটি কমিটি ঘোষণা করেন।
একটি কমিটির আহ্বায়ক দেলোয়ার হোসেন বলেন, ‘২০১৪ সালের ১৯ ডিসেম্বর উপজেলা যুবলীগের আংশিক কমিটি করা হয়। যেখানে উপজেলার পূর্ণাঙ্গ কমিটি নাই, সেখানে তারা কী করে আমাদের কমিটি বাতিল করতে পারে। যাদের নিয়ে ইউনিয়ন যুবলীগের কমিটি করেছে, তাদের একজন ছাড়া বাকিরা কখনোই যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিল না। আমরা এই কমিটি মানি না।’
অপর কমিটির আকিল উদ্দিন বলেন, ‘উপজেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক আমাদের অনুমোদন দিয়েছেন। তাঁরা আমাদের উপযুক্ত মনে করেই দায়িত্ব দিয়েছেন। আমরা মাঠে আছি, মাঠে থাকব।’
এ বিষয়ে উপজেলা যুবলীগের সভাপতি আশরাফ উদ্দিন বলেন, ‘ইউনিয়ন যুবলীগের কমিটির অনুমোদন দেন উপজেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক। এতে অন্য কারও স্বাক্ষরের প্রয়োজন নেই। এখন যাঁরা শাহজাদাপুর ইউনিয়ন শাখার আরেকটি কমিটির অনুমোদন দিয়েছেন বলে শুনলাম, তাঁরা গঠনতন্ত্র অনুসারে তা করতে পারেন না। আমাদের কমিটিই বৈধ।’