সরিষাবাড়ীতে ছাত্রলীগ নেতাকে বহিষ্কারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ছাত্রলীগের দুই নেতার ওপর হামলায় জড়িত থাকার অভিযোগে সংগঠনটির আরেক নেতাকে বহিষ্কারের দাবিতে এবং সরিষাবাড়ী ডিগ্রি কলেজের ছাত্রীদের উত্ত্যক্ত করার প্রতিবাদে গতকাল বুধবার মানববন্ধন হয়েছে।
গতকাল দুপুর ১২টায় সরিষাবাড়ী ডিগ্রি কলেজ ছাত্রলীগ উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করেছে। মানববন্ধন শেষে বক্তৃতা করেন সরিষাবাড়ী বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবদুল মান্নান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কে এম সোহেল রানা, পৌর ছাত্রলীগের সভাপতি শিহাব হোসেন, সরিষাবাড়ী ডিগ্রি কলেজের ছাত্রলীগের সাধারণ সম্পাদক এল এম মাহফুজ আহম্মেদ প্রমুখ।
ছাত্রলীগ নেতাদের সূত্রে জানা যায়, গত রোববার কলেজ ছাত্রলীগের সভাপতি আরিফুলকে টিঅ্যান্ডটি কার্যালয়ের সামনে মারধর করেন পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদি হাসান ও তাঁর সমর্থকেরা। এ সময় তাঁকে রক্ষা করতে এগিয়ে গেলে মাহফুজ আহম্মেদকে তাঁরা মারধর করে ফেলে রেখে যান। পরে আরিফুল ও মাহফুজকে পথচারীরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।