সরিষাবাড়ীতে জাপা কার্যালয়ে তালা
জামালপুরের সরিষাবাড়ীতে জাতীয় পার্টির (জাপা) সাংসদ মামুনুর রশিদ জোয়ারদারের ছোট ভাই এনামুল হক জোয়ারদার গত মঙ্গলবার রাতে জাতীয় পার্টির উপজেলা কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
তবে উপজেলা জাতীয় পার্টির সদস্য এনামুল হক জোয়ারদার বলেন, ‘দলীয় কোন্দলের কারণে অপর পক্ষ কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়ে আমার ও বড় ভাইয়ের ওপর দায় চাপানোর চেষ্টা করছে।’
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিল্লাল উদ্দিন বলেন, এ ব্যাপারে লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
জাপা সূত্র জানায়, জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের সাংসদ মামুনুর রশিদ জোয়ারদার ও উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক আবুল কালাম আজাদের পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে কোন্দল চলে আসছে। মঙ্গলবার আবুল কালাম আজাদ ও তাঁর পক্ষের নেতা-কর্মীরা পোগলদিঘা ইউনিয়নে সাংগঠনিক কাজে যান। এ সুযোগে সাংসদ মামুনুর রশিদ জোয়ারদারের ছোট ভাই এনামুল হক জোয়ারদার সরিষাবাড়ী পৌর শহরের শিমলা বাজারে অবস্থিত দলের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন। রাতে আবুল কালাম আজাদ ও অন্য নেতা-কর্মীরা এসে কার্যালয়ে তালা ঝুলতে দেখেন।
উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান বলেন, সাংসদের ছোট ভাই কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়ায় দলীয় নেতা-কর্মীরা সেখানে ঢুকতে পারছেন না। এ নিয়ে উত্তেজনা বিরাজ করছে।
আবুল কালাম আজাদ বলেন, ‘আমরা দলীয় নেতা-কর্মীদের নিয়ে পোগলদিঘা ইউনিয়নে সাংগঠনিক কাজে যাই। এ সুযোগে এনামুল হক জোয়ারদার রাতে দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন।’
জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ইকবাল এহসান বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে এনামুল হকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
মুঠোফোন বন্ধ পাওয়ায় সাংসদ মামুনুর রশিদ জোয়ারদারের সঙ্গে এ বিষয়ে কথা বলা সম্ভব হয়নি।