সরিষাবাড়ীতে গুলি, ধাওয়া-ছুরিকাঘাত
জামালপুরের সরিষাবাড়ী পৌরসভায় অনিয়ম ও সহিংসতার মধ্য দিয়ে ভোট চলছে। সহিংসতার কারণে বাঙালি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট স্থগিত করা হয়েছে। আরামনগর আরিয়া মাদ্রাসা কেন্দ্রে সকালে বিএনপির সমর্থকেরা চারটি ফাঁকা গুলি ছোড়ে বলে অভিযোগ পাওয়া গেছে। এর আগে শিমলাপল্লী সাইদুর রহমান তালুকদার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এক ভোটারকে ছুরিকাঘাত করা হয়। তাঁকে নিজেদের সমর্থক বলে দাবি করেছে বিএনপি।
বাঙালি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল পৌনে নয়টার দিকে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। এর পর সেখানে ভোট স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন প্রিসাইডিং কর্মকর্তা সেলিম হোসেন।
আরামনগর আরিয়া মাদ্রাসা কেন্দ্রে ঢুকে সকাল নয়টার দিকে বিএনপির সমর্থকেরা চারটি ফাঁকা গুলি ছোড়েন বলে অভিযোগ পাওয়া গেছে। পরে বিএনপির মেয়রপ্রার্থী ফয়জুল কবির তালুকদার ও আওয়ামী লীগের প্রার্থী রোকনুজ্জামানের সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। প্রিসাইডিং কর্মকর্তা গোলাম রব্বানি বলেন, ওই কেন্দ্রের পরিস্থিতি এখন স্বাভাবিক।
সকাল সাড়ে সাতটার দিকে শিমলাপল্লী সাইদুর রহমান তালুকদার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে লাইনে দাঁড়ানোর সময় একজনকে ছুরিকাঘাত করা হয়। তাঁকে নিজেদের সমর্থক বলেছে বিএনপি। আহত ওই ভোটারের নাম টিটু মিয়া (৩৮)। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। শিমলাপল্লী সাইদুর রহমান তালুকদার সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ফজুলল হক বলেন, ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়ানোর সময় একজনকে মুখোশধারী দুর্বৃত্ত ছুরিকাঘাত করে।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদুল কবির তালুকদারের অভিযোগ, তাঁদের এক সমর্থককে আওয়ামী লীগের লোকজন ছুরিকাঘাত করেছে। সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বিল্লাল উদ্দিন বলেন, তাঁরা ভোটকেন্দ্রে একজন আহত হওয়ার খবর পেয়েছেন।