জামালপুরের সরিষাবাড়ীতে খাদ্যবান্ধব কর্মসূচির জন্য নিযুক্ত ৩৬ জন ডিলারই আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মী ও সমর্থক। উপজেলা আওয়ামী লীগের একজন নেতা বিষয়টি নিশ্চিত করেছেন।
উপজেলা খাদ্য কর্মকর্তার সূত্রে জানা গেছে, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় সরিষাবাড়ীর ৮ ইউনিয়নে ১৯ হাজার ৪৯ জন সুবিধাভোগী ব্যক্তির তালিকা প্রস্তুত করা হয়েছে। নিয়োগ পাওয়া ৩৬ ডিলারের মাধ্যমে তাঁদের ১০ টাকা কেজি দরে প্রতি মাসে ৩০ কেজি করে চাল পাওয়ার কথা। গত ১০ সেপ্টেম্বর উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দিতে এই চাল বিক্রির কার্যক্রম উদ্বোধন করা হয়।
ডিলারের তালিকা পর্যালোচনা করে ও দলীয় সূত্রে জানা যায়, সরিষাবাড়ীতে নিযুক্ত ৩৬ জন ডিলারের মধ্যে ২৬ জন আওয়ামী লীগের নেতা-কর্মী। বাকি সবাই দলটির সমর্থক। অবশ্য বিএনপির সমর্থক হিসেবে পরিচিত তিন ব্যক্তিও ডিলারশিপ পেয়েছেন। তবে এই ডিলারদের কেউই চাল ব্যবসার সঙ্গে সম্পৃক্ত নন, যা ডিলার হওয়ার অন্যতম শর্ত।
সাতপোয়া ইউনিয়নে ডিলার হিসেবে নিয়োগ পাওয়া হাফিজুর রহমান ইউনিয়ন কৃষক লীগের সভাপতি, আকবর আলী ও রাজু মিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য। আরেক ডিলার জাহিদুল ইসলাম আওয়ামী লীগের সমর্থক। পেগলদিঘা ইউনিয়নে ডিলার হয়েছেন সরিষাবাড়ী পৌর আওয়ামী লীগের সদস্য রাশেদুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের সাবেক আহ্বায়ক মোহাম্মদ আহসান এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য আবদুল আলিম ও রফিকুল ইসলাম। এ ছাড়া আ.লীগ সমর্থক আসাদুজ্জামান লিটন মিয়া ও শেখ মো. আলম এই ইউনিয়নে ডিলারশিপ পেয়েছেন।
ডোয়াইল ইউনিয়নের ডিলার আবদুর রাজ্জাক থানা আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক এবং কামাল হোসেন ইউনিয়ন যুবলীগের সদস্য। এ ছাড়া আ.লীগ সমর্থক সঞ্জয় প্রসাদ সাহা ও মজিবুর রহমান ডিলার হয়েছেন। একই ইউনিয়নের অপর দুই ডিলার মোখলেছুর রহমান ও গাড়াডোবা গ্রামের চান মিয়া বিএনপির সমর্থক হিসেবে পরিচিত। তবে মোখলেছুর দাবি করেন, তিনি বিএনপির সমর্থক নন। তিনি অতীতে ছাত্রলীগের রাজনীতি করেছেন।
আওনা ইউনিয়নের ডিলার সোহেল রানা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি, ছানোয়ার হোসেন ইউনিয়ন যুবলীগের সদস্য, আবু বক্কর ছাত্রলীগের সাবেক ইউনিয়ন সভাপতি ও আমজাদ হোসেন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক। পিংনা ইউনিয়নে ডিলার হয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুস সামাদ, উপজেলা আ.লীগের সদস্য সুজাত আলী, ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান ও ইউনিয়ন আ.লীগের সদস্য আবদুল হাই।
জানতে চাইলে পিংনা ইউনিয়নের ডিলার আবদুস সামাদ প্রথম আলোকে বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায়। আমরা ডিলার হব না, তো কে হবে?’
ভাটারা ইউনিয়নে ডিলার হিসেবে নিয়োগ পাওয়া মঞ্জুরুল ইসলাম, আবদুর হাই উপজেলা আ.লীগের সদস্য, ফারুখ হোসেন উপজেলা যুবলীগের সদস্য ও মিয়ার উদ্দিন ইউনিয়ন আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। কামরাবাদ ইউনিয়নের আবদুল মজিদ উপজেলা যুবলীগের সদস্য ও মোশারফ হোসেন আ.লীগের সমর্থক। এ ছাড়া মহাদান ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আবদুল্লাহ আল মামুন ও সদস্য লাল মিয়া এবং ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ইসমাইল হোসেন ও আবদুর রাজ্জাক ডিলারশিপ পেয়েছেন। এই ইউনিয়নের অপর ডিলার হাসানুর রহমান বিএনপির সমর্থক হিসেবে পরিচিত।
উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মনির উদ্দিন স্বীকার করেন যে ডিলার হিসেবে নিয়োগ পাওয়া ব্যক্তিরা আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থক। তবে তিনি দাবি করেন, তাঁরা সবাই ব্যবসায়ী। উপজেলা খাদ্য কর্মকর্তা আবদুল বাতেনও ডিলারদের যে সবাই আওয়ামী লীগের, সেটি স্বীকার করে নিয়েছেন। এ প্রসঙ্গে তিনি প্রথম আলোকে বলেন, ‘কীভাবে ডিলার নিয়োগ দেওয়া হয়েছে সেটা তো আপনি জানেন।’