সরে দাঁড়ালেন সাংসদের ভাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী পৌরসভায় নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্থানীয় আওয়ামী লীগদলীয় সাংসদ (নোয়াখালী-৩) মামুনুর রশিদের বড় ভাই খালেদ সাইফুল্লাহ। তিনি মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছিলেন।
গতকাল বুধবার দুপুরে জেলা নির্বাচন কর্মকর্তা ও চৌমুহনী পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেনের কার্যালয়ে গিয়ে প্রার্থিতা প্রত্যাহারের আবেদন করেন খালেদ সাইফুল্লাহ। তাঁর প্রার্থিতা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন।
কেন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন—এ নিয়ে খালেদ সাইফুল্লাহ কোনো মন্তব্য করতে রাজি হননি।
দলীয় সূত্র জানায়, পৌর নির্বাচন দলীয় প্রতীকে হওয়ার কারণে সাংসদের ভাইয়ের স্বতন্ত্র প্রার্থিতায় দলের মধ্যে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়। কেউ কেউ সাংসদকে খুশি রাখতে তাঁর ভাইয়ের পক্ষে এলাকায় কাজও শুরু করেন। আবার অনেকে সিদ্ধান্তহীনতায় ভুগতে থাকেন। গত মঙ্গলবার উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় সাংসদের ভাইকে প্রার্থিতা প্রত্যাহারের অনুরোধ জানানোর সিদ্ধান্ত হয়।
চৌমুহনী পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন দেওয়া হয় বর্তমান মেয়র আক্তার হোসেন ফয়সলকে। দলীয় মনোনয়ন না পেয়ে বিদ্রোহী হিসেবে স্বতন্ত্র প্রার্থী হন পৌর আওয়ামী লীগের সহসভাপতি আজিজুল বাসার ওরফে স্বপন। তবে মনোনয়নপত্র বাছাইকালে বিদ্রোহী প্রার্থী আজিজুল বাসারের প্রার্থিতা বাতিল হয়ে যায়। কিন্তু স্বতন্ত্র প্রার্থী হয়ে মাঠে থাকেন সাংসদের বড় ভাই খালেদ সাইফুল্লাহ।
এ নিয়ে ৭ ডিসেম্বর ‘সাংসদের বড় ভাই না দলের প্রার্থী’ শিরোনামে প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশিত হয়।
চৌমুহনী পৌরসভায় বিএনপির মেয়র পদপ্রার্থী জহির উদ্দিন হারুন। এ ছাড়া আরও তিনজন মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।