সরে দাঁড়ানোর ঘোষণা 'বিদ্রোহী' সাইদুলের
পাবনা জেলা পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের সদস্য এম সাইদুল হক। দলের সমর্থন না পেয়ে ‘বিদ্রোহী’ প্রার্থী হওয়া সাইদুল গত রোববার রাতে ই-মেইল পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেন।
চেয়ারম্যান পদে দলীয় সমর্থন পেয়েছেন জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি রেজাউল রহিম। তাঁর বিরুদ্ধে দলটির তিনজন নেতা মাঠে ছিলেন। সাইদুল সরে দাঁড়ানোয় থাকলেন আরও দুজন। তাঁরা হলেন জেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক এবং জেলা আওয়ামী লীগের সভাপতি ও ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের মেয়ে মাহজেবিন শিরিন ও জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক কামিল হোসেন।
সদ্য বিদায়ী জেলা পরিষদ প্রশাসক সাইদুল হক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন, জেলা পরিষদে নির্দলীয় নির্বাচন হওয়ায় তিনি চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছিলেন। কিন্তু তিনি লক্ষ করেছেন যে সরকারের একজন প্রভাবশালী মন্ত্রী পাবনার রাজনীতিকে ধ্বংসের চেষ্টা করছেন। তিনি নিজের পছন্দের প্রার্থীকে জেতাতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে বিভিন্ন কর্মকাণ্ড চালাচ্ছেন। তাই তিনি (সাইদুল) সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।