সরে দাঁড়ালেন আ. লীগের দুই বিদ্রোহী প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দাউদকান্দি পৌরসভা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন দুই বিদ্রোহী প্রার্থী। তাঁরা আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নাইম ইউ​সুফের হয়ে কাজ করবেন বলে জানিয়েছেন।

গতকাল বুধবার দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামানের কাছে আবেদনের মাধ্যমে প্রার্থিতা প্রত্যাহার করে নেন দুই প্রার্থী। তাঁরা হলেন, দাউদকান্দি পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়া ও তাঁর স্ত্রী নাজমা আক্তার।

দুপুরে দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মো. শাহজাহান মিয়া বলেন, দলের প্রতি অানুগত্য প্রকাশ করে আমরা মনোনয়নপত্র প্রত্যাহার করেছি।

সংবাদ সম্মেলনে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক এম হ‌ুমায়ূন মাহমুদ, দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব) মোহাম্মদ আলী, দাউদকান্দি ও তিতাস উপজেলা আওয়ামী লীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

গত ৩ ডিসেম্বর মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে রিটার্নিং কর্মকর্তার সঙ্গে সময় নিয়ে মতবিরোধ দেখা দেয় মো. শাহজাহান মিয়া ও তাঁর স্ত্রী নাজমা আক্তারের। পরে তাঁরা আরও সময় চেয়ে উচ্চ আদালতে আবেদন করেন। উচ্চ আদালতের রিট পিটিশন আদেশের প্রেক্ষিতে নির্বাচন কমিশন সচিবালয় সর্বশেষ ২২ ডিসেম্বর পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তাঁদের মনোনয়নপত্র জমা দেওয়ার আদেশ দেন।