ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের উপনির্বাচন থেকে শেষ সময়ে সরে দাঁড়ালেন আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী নাজনীন আলম। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে গতকাল বুধবার বিকেলে তিনি তাঁর মনোনয়নপত্র প্রত্যাহার করেন।
এদিকে ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনে মনোনয়নপত্র বাতিল হওয়ায় দুজন প্রার্থীর আপিল শুনানি হলেও রায় জানা যায়নি। গত ২ মে গৌরীপুরের সাংসদ মজিবুর রহমান ফকির ও ১১ মে হালুয়াঘাট-ধোবাউড়া আসনের সাংসদ সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন মারা যান। তাঁদের মৃত্যুর কারণে শূন্য ওই দুটি আসনে আগামী ১৮ জুলাই উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
আওয়ামী লীগের দলীয় ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, গতকাল বিকেলে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে নাজনীন আলম তাঁর মনোনয়নপত্র প্রত্যাহার করেন। নাজনীন আলম বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহ-সাধারণ সম্পাদক। তিনি আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।
নাজনীন আলম বলেন, ‘দলের খুব বেশি চাপ ছিল, তা বলব না। দলকে ভালোবেসে দলের সিদ্ধান্তের প্রতি সম্মান দেখিয়েই মনোনয়নপত্র প্রত্যাহার করেছি।’ গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিধু ভূষণ দাস বলেন, ‘নাজনীন আলম আমাদের দলের কেউ না। তাঁকে নির্বাচন থেকে সরে যেতে কোনো চাপ তো দূরের কথা, দলের পক্ষ থেকে অনুরোধও করা হয়নি।’
হালুয়াঘাট-ধোবাউড়া আসনে মনোনয়নপত্র বাতিল হওয়া স্বতন্ত্র প্রার্থী সেলিমা খাতুন ও জাতীয় পার্টির (জাপা) সোহরাব উদ্দিনের আপিলের শুনানি শেষ হয়েছে। ওই আসনে অপর প্রার্থী আওয়ামী লীগ মনোনীত জুয়েল আরেং।