সর্বোচ্চ শান্তির জন্য সার্বোচ্চ শক্তি প্রয়োগ চায় ১৪ দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সর্বোচ্চ শান্তির জন্য সর্বোচ্চ শক্তি’ প্রয়োগের দাবি করেছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪-দলীয় জোট।
গতকাল বুধবার ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের বৈঠকে এ দাবি করা হয়। বৈঠক শেষে জোটের সমন্বয়ক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানান। তিনি নাশকতা দমনে প্রশাসনকে আরও কঠোর হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলব, আপনাদের আরও নিবিড় ও সতর্কভাবে নাশকতা প্রতিরোধ করতে হবে।’
মোহাম্মদ নাসিম ১৪ দলের চার দিনের কর্মসূচি ঘোষণা করেন। এর মধ্যে রয়েছে: ৭ ফেব্রুয়ারি কুমিল্লার চৌদ্দগ্রামে শান্তি সমাবেশ, ৮ ফেব্রুয়ারি ঢাকা মহানগরসহ সারা দেশে মানববন্ধন, ১৪ ও ১৫ ফেব্রুয়ারি রাজধানীর বিভিন্ন স্থানে শান্তি সমাবেশ। কর্মসূচি সফল করতে আগামীকাল শুক্রবার পেশাজীবী সংগঠনের সঙ্গে মতবিনিময় করবে ১৪ দল। এ ছাড়া ১৪ দলের অন্তর্ভুক্ত জাসদ ৭ ফেব্রুয়ারি সারা দেশে সন্ত্রাসবিরোধী দিবস পালন, ওয়ার্কার্স পার্টি ১০ ফেব্রুয়ারি রাজধানীতে প্রতিবাদ সমাবেশ ও সাম্যবাদী দল ১৩ ফেব্রুয়ারি সন্ত্রাসবিরোধী সমাবেশ করবে।
গতকালের বৈঠকে অংশগ্রহণকারী একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা যায়, বৈঠকে জাসদের শরীফ নুরুল আম্বিয়া প্রশ্ন তোলেন, নাশকতার দায়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না। আরও একজন তাঁর এ বক্তব্যকে সমর্থন করেন। এরপর মোহাম্মদ নাসিম এ বিষয়ে কথা বলতে নিরুৎসাহিত করেন। ওয়ার্কার্স পার্টির আনিসুর রহমান মল্লিক আন্দোলনের নামে বিএনপি-জামায়াতের নাশকতাকে আন্তর্জাতিক ষড়যন্ত্র বলে মন্তব্য করে তাদের অর্থের উৎস খুঁজে বের করার আহ্বান জানান।
শরীফ নুরুল আম্বিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের জাহাঙ্গীর কবির, আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাম্যবাদী দলের দিলীপ বড়ুয়া প্রমুখ।