সহায়ক সরকার ও বিচারিক ক্ষমতাসহ সেনা চায় দুই দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদ ভেঙে দিয়ে সহায়ক সরকারের অধীনে নির্বাচন এবং নির্বাচনে বিচারিক ক্ষমতাসহ সেনাবাহিনী মোতায়েনের জন্য নির্বাচন কমিশনকে (ইসি) প্রস্তাব দিয়েছে বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল) ও খেলাফত মজলিস।

গতকাল সোমবার নির্বাচন কমিশনের (ইসি) সংলাপে অংশ নিয়ে বিএনপির নেতৃত্বাধীন জোটের শরিক এই দল দুটি এসব প্রস্তাব দেয়।

এর মধ্যে সকালে বিএমএল ও বিকেলে খেলাফত মজলিস সংলাপে অংশ নেয়। পরে বিএমএলের মহাসচিব শেখ জুলফিকার বুলবুল চৌধুরী সাংবাদিকদের বলেন, তাঁরা মোট ১১টি প্রস্তাব দিয়েছেন। অন্যান্য প্রস্তাবের মধ্যে আছে এজেন্টদের উপস্থিতিতে ভোট গণনা ও ফল প্রকাশ, নির্বাচনের অন্তত এক বছর আগে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা, নির্বাচনের অন্তত তিন মাস আগে রাজনৈতিক নেতাদের নামে থাকা মামলা নিষ্পত্তি করা ইত্যাদি।

খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের সাংবাদিকদের বলেন, তাঁরা ৩৪টি প্রস্তাব দিয়েছেন।

সংলাপ শেষে নির্বাচন কমিশন সচিবালয়ের ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ সংবাদ ব্রিফিং করে দল দুটির দেওয়া প্রস্তাব তুলে ধরেন। তিনি বলেন, কিছু প্রস্তাব রাজনৈতিক, কিছু সাংবিধানিক ও কিছু বিষয় আছে নির্বাচন সুষ্ঠু করার জন্য প্রস্তাব। রাজনৈতিক প্রস্তাবগুলোর বিষয়ে নির্বাচন কমিশন বলেছে, এসব বিষয় রাজনৈতিকভাবে সমাধান করা যায়। এ ক্ষেত্রে ইসির খুব বেশি ভূমিকা নেই। তবে ইসি পর্দার আড়ালে হয়তো ভূমিকা রাখতে পারে, সংলাপে এমন কথা এসেছে।

 কিছু অভিন্ন প্রস্তাব দেবে আটটি দল

বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটভুক্ত নিবন্ধিত আটটি দল সংলাপে কিছু বিষয়ে অভিন্ন প্রস্তাব দেবে। গতকাল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জোটের মহাসচিব পর্যায়ের বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শরিকদের এ-সংক্রান্ত পরামর্শ দেন।

বৈঠক সূত্র জানায়, সহায়ক সরকারের অধীনে নির্বাচন, বিচারিক ক্ষমতা দিয়ে সেনাবাহিনী মোতায়েন, নির্বাচনের আগে সংসদ ভেঙে দেওয়া, নির্বাচনের আগে রাজনৈতিক মামলা প্রত্যাহার, সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করাসহ কয়েকটি প্রস্তাব সবাইকে দেবে বলা হয়।

জোটের শরিক বাংলাদেশ ন্যাপের মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া প্রথম আলোকে বলেন, কৌশলগত কারণে তাঁরা কিছু বিষয় ঐকমত্যের ভিত্তিতে প্রস্তাব করতে চান। এ কারণে বিএনপির সঙ্গে তাঁরা পরামর্শ করেছেন।

২০-দলীয় জোটের নিবন্ধিত আট দলটি হলো বিএনপি, বিজেপি, এলডিপি, বাংলাদেশ ন্যাপ, খেলাফত মজলিস, মুসলিম লীগ (বিএমএল), জমিয়তে ওলামায়ে ইসলাম ও বাংলাদেশ কল্যাণ পার্টি।