সহায়ক সরকার ছাড়া নির্বাচন হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে এমন নির্বাচন হতে হবে যেটি সবার অংশগ্রহণে সঠিক, অবাধ ও নিরপেক্ষ হবে। ‘আওয়ামী লীগ মার্কা’ নির্বাচন হতে পারে না। এ জন্যই খালেদা জিয়া বলেছেন, নির্বাচনকালীন একটি সহায়ক সরকার দরকার। সহায়ক সরকার ছাড়া নির্বাচন হবে না।
গতকাল শনিবার ভোলার খেয়াঘাট সড়কের ইসলামী কমপ্লেক্স মাঠে ভোলা জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম এ কথা বলেন।
আওয়ামী লীগকে উদ্দেশ করে বিএনপির মহাসচিব বলেন, ‘বিএনপি বা খালেদা জিয়ার কোনো বিদেশি প্রভু নেই। বিদেশি প্রভুদের ইঙ্গিতে আপনারা কাজ করেন। বিভিন্ন রকম চুক্তি করেন। বিএনপি বাংলাদেশের মানুষের দল।’ বর্তমান সরকারকে মামলাবাজ সরকার আখ্যা দিয়ে মির্জা ফখরুল বলেন, ‘রাজনীতিতে পারে না, জনগণের ভোটে জিততে পারে না। মামলা দিয়ে বেকায়দায় ফেলে ক্ষমতায় টিকে থাকতে চায়। এটা মানুষ কখন করে? যখন তার রাজনীতি থাকে না; দেউলিয়া হয়ে যায়।’
জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন উদ্বোধন করেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীরের সভাপতিত্বে বক্তব্য দেন দলের যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সরোয়ার, চেয়ারপারসনের উপদেষ্টা মো. আতাউর রহমান ঢালী প্রমুখ।