সহায়ক সরকার বলতে বুঝিয়েছি নিরপেক্ষ সরকার: ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনকালীন সহায়ক সরকার নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ব্যাখ্যা সঠিক নয় এবং সহায়ক সরকারের প্রকৃত চিন্তার সঙ্গে এর কোনো মিল নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সহায়ক সরকার বলতে সম্পূর্ণ দলনিরপেক্ষ সরকার বুঝিয়েছেন তাঁরা।

গতকাল সোমবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন কাদের সিদ্দিকীকে দেখে ফেরার পথে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম এসব কথা বলেন।

গত রোববার নোয়াখালীর কোম্পানীগঞ্জে এক অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন, সহায়ক সরকার সংবিধানেই আছে। শেখ হাসিনার সরকারই আগামী নির্বাচনে সহায়ক সরকারের ভূমিকা পালন করবে। নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে।

এর জবাবে বিএনপির মহাসচিব বলেন, ‘সহায়ক সরকারের ব্যাখ্যা তিনি (ওবায়দুল কাদের) যেটি দিয়েছেন, সেটি সঠিক নয়। সহায়ক সরকার বলতে আমরা যেটা বুঝিয়েছি সেটা হচ্ছে, একটা সম্পূর্ণ দলনিরপেক্ষ সরকার থাকবে নির্বাচনকালীন যে অন্তর্বর্তীকালীন সময়, সেই সময়ে। এটার সঙ্গে তাদের (আওয়ামী লীগ) যে চিন্তা, সেই চিন্তার কোনো মিল নেই।’

মির্জা ফখরুল বলেন, ‘এ কারণে আমরা বলছি যে আলাপ-আলোচনার ভিত্তিতে সহায়ক সরকারের ব্যাপারে কথা বলতে। যাতে সকল দল অংশগ্রহণ করতে পারে। আমরা নির্বাচনে অবশ্যই যেতে চাই, সেই নির্বাচনটা যেন সবার অংশগ্রহণে হয় এবং নিরপেক্ষ হয়, সেটাই আমরা দাবি করে আসছি। কিন্তু এ রকম একটা সরকার তারা চাচ্ছে না। এর মূল কারণটা হচ্ছে তারা একদলীয় একটা শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায় একতরফা একটা নির্বাচন করে।’

ফখরুল বলেন, ‘এবার এটা সম্ভব হবে না, এবার দেশের মানুষ গ্রহণ করবে না, যাঁরা গণতন্ত্রে বিশ্বাস করেন, তাঁরা কেউ তাদের এই চিন্তাভাবনাগুলো মেনে নেবে না।’