সহায়ক সরকার সম্পর্কে বিএনপিরও স্পষ্ট ধারণা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের দাবির মতো নির্বাচনকালীন সহায়ক সরকারব্যবস্থার দাবি করছে বিএনপি। কিন্তু এই সহায়ক সরকার সম্পর্কে তাদেরও স্পষ্ট ধারণা নেই।

গতকাল বৃহস্পতিবার বিকেলে কক্সবাজার শহরের শহীদ দৌলত ময়দানে শ্রমিক-কর্মচারী-পেশাজীবী-মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের জেলা শাখা আয়োজিত জঙ্গিবাদবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, কক্সবাজার-টেকনাফ-সেন্টমার্টিন নৌপথের ড্রেজিং কাজ শুরু হয়েছে। আগামী এক বছরের মধ্যে এই কাজ শেষ হবে। এটি শেষ হলে পর্যটকেরা সরাসরি কক্সবাজার থেকে জাহাজে করে সেন্ট মার্টিন যাতায়াত করতে পারবে। এই নৌপথে উন্নত মানের জাহাজ নিয়ে আসা হবে।

সংগঠনের জেলা শাখার আহ্বায়ক নুরুল আবছারের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাংসদ সাইমুম সরওয়ার, আশেক উল্লাহ রফিক, মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক চেয়ারম্যান কবির আহমদ খান, মুক্তিযোদ্ধা কামাল হোসেন চৌধুরী।

বাঁকখালী নদীর খননকাজের উদ্বোধন: নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান গতকাল দুপুরে কক্সবাজার শহরের বাঁকখালী নদীর খনন প্রকল্পের উদ্বোধন করেছেন। এ সময় তিনি বলেন, সেন্ট মার্টিনগামী পর্যটকদের ভ্রমণ সুবিধার জন্য বাঁকখালী নদী খনন করা হচ্ছে। তবে কক্সবাজারের মহেশখালী, কুতুবদিয়া ও পেকুয়া উপজেলার মানুষও এর সুবিধা পাবে। কারণ, বাঁকখালী নদীর গভীরতা বাড়লে এই তিন উপজেলার মধ্যে যোগাযোগ আরও প্রসারিত হবে।

বাঁকখালী খনন প্রকল্পের উদ্বোধনের আগে কস্তুরাঘাটে বিআইডব্লিউটিএর নবনির্মিত বাংলোর উদ্বোধন করেন মন্ত্রী। এ ছাড়া তিনি কলাতলীতে নৌবাহিনীর লাইট হাউসের আধুনিকায়ন কাজের উদ্বোধন করেন।

এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন সাংসদ সাইমুম সরওয়ার, আশেক উল্লাহ রফিক, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) চেয়ারম্যান লে. কর্নেল (অব.) ফোরকান আহমদ, নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডর আরিফুর রহমান, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর মোজাম্মেল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আবদুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, কক্সবাজার পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) মাহবুবুর রহমান চৌধুরী।