সহায়ক সরকারের অধীনে নির্বাচন হলে অংশ নেবে বিএনপি: এ্যানি
লক্ষ্মীপুর সদর আসনের সাবেক সাংসদ ও বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী (এ্যানি) বলেছেন, শেখ হাসিনা সরকারের অধীনে বিএনপি জাতীয় সংসদ নির্বাচনে যাবে না। তবে সহায়ক সরকারের অধীনে নির্বাচন হলে, সে নির্বাচনে বিএনপি অংশ নেবে। গতকাল বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার সৈয়দপুর, করইতলা, দত্তপাড়া, বরপাড়া, বড়ালিয়া, মোল্লারহাট ও মান্দারী বাজারে পথসভায় এসব কথা বলেন তিনি।
বিএনপির প্রচার সম্পাদক বলেন, মামলা-হামলা দিয়ে বিএনপিকে ধ্বংস করা যাবে না। সরকারের প্রতিহিংসার রাজনীতি মোকাবিলা করার জন্য দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
জেলা বিএনপির নেতা সিরাজুল ইসলাম, নিজাম উদ্দিন ভূঁইয়া, আহম্মদ ফেরদৌস, আবদুল খালেক, দত্তপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বেলাল হোসেন, মান্দারী বণিক সমিতির সভাপতি আতিকুর রহমানসহ স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা এসব পথসভায় উপস্থিত ছিলেন।